ঈশ্বরদীতে পিস্তলসহ যুবক আটক ২০ মোটরসাইকেল উদ্ধার

Printed Edition

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া আগ্নেয়াস্ত্রধারী যুবক তুষার হোসেনকে (২১) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধি এলাকার জে.সি. রোডসংলগ্ন মতিন সাহেবের ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। তুষার ঈশ্বরদীর ভেলুপাড়া এলাকার তাহের হোসেনের ছেলে। একই ঘটনায় লুট হওয়া জামায়াত নেতাকর্মীদের ২০টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুষার তার কাছে থাকা একটি অবৈধ পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ লুকিয়ে রাখার কথা স্বীকার করে। পরে তার দেয়া তথ্যে ভেলুপাড়া এলাকায় একটি ফাঁকা জমি থেকে মাটি খুঁড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি লোডেড পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গত ২৭ নভেম্বর চরগড়গড়ি এলাকায় জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলের গণসংযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ওই সময় হামলা, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগে অর্ধশতাধিক মোটরসাইকেল ভাঙচুর ও পুড়িয়ে দেয়া হয় এবং উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। এই ঘটনায় উভয় পক্ষের করা পৃথক মামলায় তুষার আসামি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলাও রুজু হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, ঘটনার তদন্ত চলছে এবং আরো উদ্ধার ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।