সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

উলাশীর খাল পরিদর্শন প্রতিমন্ত্রী অনিন্দ্যর

জিয়া খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ২৭ এপ্রিল যশোরের শার্শার উলাশী সফর কেন্দ্র করে খাল খনন উদ্বোধনস্থল পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার দুপুরে তিনি এ খাল খনন উদ্বোধন স্থল পরিদর্শন করেন। এ সময় প্রতিমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন, যশোর জেলা প্রশাসক আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল, ইসলাম, জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকোট সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সাবেক সভাপতি বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, বদিউজ্জামান বদি মেম্বার প্রমুখ। শার্শা (যশোর) সংবাদদাতা।


বিয়ের প্রলোভনে ধর্ষণ

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং পরবর্তীতে গর্ভপাত করানোর অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি ময়েজবিন জাবাল ওরফে আমির হোসেনকে (২১) গ্রেফতার করেছে র‌্যাব। গত শুক্রবার বিকেলে টাঙ্গাইল জেলার কালিহাতি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ অভিযানে র‌্যাব-১৪ এর টাঙ্গাইল ক্যাম্প সহযোগিতা করে। মামলা দায়েরের পর থেকেই আসামিকে গ্রেফতারে তৎপরতা শুরু করে র‌্যাব-১৪। র‌্যাব জানায়, ঢাকার বাসিন্দা ওই যুবকের সাথে ভিকটিমের মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, ওই সম্পর্কের সুযোগ নিয়ে আসামি বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম একাধিকবার বিয়ের কথা বললেও আসামি নানা অজুহাতে তা এড়িয়ে যেতে থাকে। এরই মধ্যে ভিকটিম দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে, আসামি তার অজান্তে ওষুধ খাইয়ে গর্ভপাত করায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। ময়মনসিংহ অফিস।


আগুনে পুড়ল ১০ লাখ টাকার মালামাল

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জিয়াবাড়ি হাটে গভীর রাতে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শুক্রবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। আগুনে একটি ফার্মেসি, একটি কীটনাশক দোকান, একটি ইলেকট্রিক দোকান এবং একটি হার্ডওয়্যার দোকান সম্পূর্ণ পুড়ে যায়। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ছুটে এসে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে চারটি দোকানই সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানদার তরিকুল ইসলাম বলেন, রাতে হঠাৎ করে আগুনের খবর পাই। এসে দেখি আমার দোকানসহ আশপাশের দোকানগুলোতে আগুন জ্বলছে। কিছুই রক্ষা করতে পারিনি। পঞ্চগড় প্রতিনিধি।


পাটুরিয়া নৌ-রুটে ঘন কুয়াশা

বৈরী আবহাওয়ায় গতকাল শনিবার ভোর রাতে হঠাৎ ঘন কুয়াশার সৃষ্টি হয়। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ভোর ৫টা ৪৫ মিনিটে ফেরি চলাচল বন্ধ করতে বাধ্য হয়। প্রায় এক ঘণ্টা পর কুয়াশা কেটে নৌ রুটের দৃষ্টিসীমা স্বাভাবিক হলে সকাল ৭টা ১০ মিনিটে ফেরি চলাচল শুরু হয়। এ সময় যানবাহনের চাপ কম থাকায় এ এ রুটের বহরে থাকা ১৬টি ফেরির মধ্যে ১২টি ফেরি চলাচল শুরু করে। এ তথ্য নিশ্চিত করে দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসি ম্যানেজার সালাউদ্দিন বলেন, কুয়াশা কেটে গেলে আবার চালু করা হয়। এ সময় দৌলতদিয়া ঘাটে ৫০টির মতো গাড়ি আটকা থাকলেও ফেরি চলাচল শুরু করার সাথে সাথে তা স্বাভাবিক হয়ে যায়। গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা।


বাঞ্ছারামপুরে প্রবাসীর টাকা-স্বর্ণ আত্মসাৎ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এক প্রবাসীর পাঠানো প্রায় ১৩ লাখ ৮০ হাজার টাকা ও ১১ ভরি স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগে স্ত্রীসহ শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে প্রধান আসামি নাজমা আক্তার পলাতক রয়েছেন। মামলার বাদি গিয়াস উদ্দিন জানান, তার কাতারপ্রবাসী ছেলে মাইন উদ্দিনের সাথে ২০২২ সালে নাজমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর মাইন উদ্দিন বিদেশে গিয়ে জমি কেনার উদ্দেশ্যে বিভিন্ন সময়ে স্ত্রীর ও শ্বশুর স্বপন মিয়ার ব্যাংক হিসাবে টাকা পাঠান। অভিযোগে বলা হয়, নাজমা আক্তার ২০২৪ সালের ২০ নভেম্বর গোপনে তালাক দেন। তবে বিষয়টি গোপন রেখে পরবর্তীতে স্বামীর সাথে সম্পর্ক বজায় রেখে টাকা ও স্বর্ণ গ্রহণ করতে থাকেন। ২০২৫ সালের জানুয়ারিতে দেশে ফিরে মাইন উদ্দিন স্ত্রীর জন্য প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন উপহার নিয়ে আসেন। এর আগে বিয়ের সময়ও ৭ ভরি স্বর্ণ দেয়া হয়েছিল। পরে স্ত্রীর বাড়িতে গেলে তালাকের বিষয়টি জানিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তালাকনামায় স্বাক্ষর নিতে বাধ্য করা হয় বলে অভিযোগ ওঠে। একই সাথে পাঠানো টাকা ও স্বর্ণ ফেরত চাইলে তা অস্বীকার করা হয়। তদন্তে প্রায় ১১ লাখ ৬৪ হাজার টাকার ব্যাংক লেনদেনের তথ্যসহ মোট প্রায় ১৩ লাখ ৮০ হাজার টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। সিআইডির তদন্তে নাজমা আক্তার, স্বপন মিয়া, জাহিদ মিয়া ও ছালেখা বেগমের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের প্রাথমিক সত্যতা মিলেছে। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।


রাঙ্গুনিয়ায় দু’টি বন্দুক উদ্ধার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে দু’টি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি অটোরিকশা চালকসহ তিনজন পালিয়ে যায়। গত শুক্রবার রাত ৯টায় পদুয়ার দুর্গম পাহাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটেছে। জানা যায়, উপজেলার পদুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পূর্ব খুরুশিয়ার ফকির টিলা এলাকায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি সিএনজি অটোরিকশা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করলে সিএনজি অটোরিকশাটি ফেলে চালকসহ দু’জন ব্যক্তি পালিয়ে যায়। পরে অটোরিকশাটি তল্লাশি করলে অভিনব কায়দায় রাখা দু’টি একনলা দেশীয় বন্দুক উদ্ধার করা হয়। রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা।


সাঘাটায় বালু ব্যবসায়ীসহ আটক ২

গাইবান্ধার সাঘাটা উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় জাতীয় দৈনিক নয়া দিগন্তে প্রতিবেদন প্রকাশের পর প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। এরই ধারাবাহিকতায় দুই বালু ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে একই দিন রাতে তাদের বিরুদ্ধে সাঘাটা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানার ওসি মাহবুব আলম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বোয়াল গেট হয়ে মুন্সিরহাট এলাকায় পরিবহনের সময় সাথালিয়া গ্রামের জহরলালের ছেলে জুয়েল আমিন এবং কচুয়া হাট গ্রামের মৃত কদ্দুসের ছেলে সবুজ মিয়াকে আটক করা হয়। স্থানীয়দের অভিযোগ, সাথালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জুয়েল আমিন দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বালু ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন এবং যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে জড়িত ছিলেন। তিনি স্থানীয়ভাবে বিএনপির ওয়ার্ড সভাপতির দায়িত্বে রয়েছেন বলেও জানা গেছে। সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা।


এনসিপির কার্যালয় উদ্বোধন নিয়ে সংঘর্ষ

ঢাকার ধামরাইয়ের কালামপুরে এনসিপির ঢাকা জেলা উত্তরের অস্থায়ী ও ধামরাই উপজেলার কার্যালয় উদ্বোধনকালে এনসিপির পদ বঞ্চিত নেতাকর্মীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পাঁচজন আহত হন। গত শুক্রবার বিকেলে কালামপুর বাস স্টেশন এলাকায় হাজী কামরুল সুপার মার্কেটের তৃতীয় তলায় এ কার্যালয় উদ্বোধন শেষে বক্তব্য চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। কার্যালয় উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধামরাই ঢাকা সংবাদদাতা।