নিউজিল্যান্ডের সামনে আজ আমিরাত

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

নিউজিল্যান্ডের তুলনায় পুচকে সংযুক্ত আরব আমিরাত দল। তবে নিউজিল্যান্ডর ওপেনার সেইফার্ট মানছেন, বিশ্বকাপে কোনো দলই ছোট না। সবাই নিজ অভিজ্ঞতায় খেলা দিয়েই জায়গা করে নিয়েছে বড় এই আসরে। বিশেষ করে টি-২০ তে কোনোভাবেই জোর দিয়ে বলা যায় না, আমরাই জিতব। অনিশ্চয়তার খেলা টি-২০। জয়ে আমাদের চোখ থাকবে ঠিকই, তবে অবশ্যই প্রতিপক্ষকে সমীহ করে।

টানা দ্বিতীয় জয়ে চোখ রেখে আজ ‘ডি’ গ্রুপের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। ২০১৪ ও ২০২২ সালে টি-২০ বিশ্বকাপ খেলেছিল আরব আমিরাত। তবে ২০২৪ সালে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয় তারা। এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামছে আরব আমিরাত। ভারতের চেন্নাইয়ে বেলা সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

নিউজিল্যান্ডকে কঠিন প্রতিপক্ষ মানলেও, ২০২৩ সালের সুখস্মৃতি থেকে অনুপ্রেরণা পাচ্ছে আরব আমিরাত। কিউইদের বিপক্ষে এখন পর্যন্ত টি-২০তে তিন ম্যাচ খেলে একটিতে জিতেছে আরব আমিরাত। ২০২৩ সালের আগস্টে তিন ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয়টিতে নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছিল আরব আমিরাত। এবার বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডকে চমকে দিতে চায় আরব আমিরাত। দলের অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে তিন বছর আগের জয় আমাদের অনুপ্রাণিত করছে। দল হিসেবে খেলতে পারলে আবার কিউইদের হারানো অসম্ভব নয়।’