পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের
Printed Edition
সাংস্কৃতিক প্রতিবেদক
পর্দা উঠেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। গতকাল বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ এই সেøাগানে উৎসব শুরু হয়েছে। ৯ দিনব্যাপী এ উৎসব শেষ হবে আগামী ১৮ জানুয়ারি।
আয়োজকরা জানান, এবারের উৎসবে ৯১টি দেশের ২৪৫টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতাদের চলচ্চিত্র উপভোগ করার সুযোগ পাবেন সিনেমাপ্রেমীরা। এবারই প্রথমবারের মতো কক্সবাজারের সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার স্ক্রিনিং। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ছবিগুলো লাবণী বিচ পয়েন্টে দেখানো হবে ১০-১৮ জানুয়ারি পর্যন্ত। এ প্রদর্শনীটি থাকবে সবার জন্য উন্মুক্ত।
জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নাট্যশালার মূল মিলনায়তন, অলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের মিলনায়তনে উৎসবের সিনেমা দেখানো হবে। এসব মিলনায়তনে সবাই বিনামূল্যে সিনেমাগুলো উপভোগ করতে পারবেন। আসন সংখ্যা সীমিত থাকায় ‘আগে এলে আগে দেখবেন’ ভিত্তিতে আসন বণ্টন করা হবে।
১৮ জানুয়ারি বিকেল ৪টায় সমাপনী দিনে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সভাপতিত্ব করবেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদ। অনুষ্ঠান শেষে দেখানো হবে এবারের উৎসবে সেরা পুরস্কার জিতে নেয়া চলচ্চিত্রটি। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন আহমেদ হাসান সানি।
প্রদর্শনীতে বাংলাদেশের খ্যাতনামা ১০ জন শিল্পীর চিত্রকর্ম ও ভাস্কর্য প্রদর্শিত হচ্ছে। তারা হলেন- আনিসুজ্জামান আনিস, জুটন চন্দ্র রায়, লুতফা মাহমুদা, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ ইউনুস, আহমেদ সামসুদ্দোহা, সনদ বিশ্বাস, সানজিদ মাহমুদ, তাজউদ্দিন আহমেদ ও জিয়াউর রহমান।
থ্রিডি আর্ট গ্যালারিতে প্রবেশের জন্য ২৫০ টাকার টিকিট কিনে দর্শনার্থীরা এই প্রদর্শনীটি উপভোগ করতে পারবেন।