আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদযাপন ওয়ালটনের
Printed Edition
পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক-জায়ান্ট ও সুপারব্র্যান্ড ওয়ালটন শুধু আন্তর্জাতিক মানের, পরিবেশবান্ধব, উদ্ভাবনী ও সর্বাধুনিক প্রযুক্তির পণ্যই উৎপাদন করছে না; কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ ও সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহিতার পাশাপাশি করপোরেট সুশাসন নিশ্চিত করছে। যার পরিপ্রেক্ষিতে টানা পাঁচবার ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স’ এবং টানা চারবার ‘আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড’ অর্জন করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
এই অসাধারণ সাফল্য উদযাপন উপলক্ষে শনিবার রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে ‘সেলিব্রেটিং করপোরেট অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট’ শীর্ষক এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো: হাবিবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং কোম্পানি সেক্রেটারি মো: রফিকুল ইসলাম, এফসিএস। ওয়ালটনকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি মো: হাবিবুর রহমান বলেন, প্রোডাক্ট কোয়ালিটি, স্টেট অব দ্য আর্ট টেকনোলজি, সাশ্রয়ী মূল্য ইত্যাদি বিবেচনায় ওয়ালটন গ্লোবাল ব্র্যান্ডের চেয়ে অনেক এগিয়ে।
বাংলাদেশের অর্থনীতিতে ওয়ালটনের অবদান অসামান্য। বাজারে বিদেশী ব্র্যান্ডের আধিপত্য ভেঙে ওয়ালটন শুধু দেশের আমদানি নির্ভরতাই দূর করেনি; বিশ্বের বহু দেশে পণ্য রফতানির মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রাও অর্জন করছে। আইওটি, এআই বেজড সর্বাধুনিক প্রযুক্তির হাই-টেক পণ্য উৎপাদন ও রফতানির মাধ্যমে ওয়ালটন আন্তর্জাতিক বাজারেও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেন, ওয়ালটন কারখানা অত্যন্ত সুসংগঠিত। এর কর্মযজ্ঞ এবং ক্যাপাসিটিও বিস্তৃত। ১৫ বছর আগেও দেশের ইলেকট্রনিক্স পণ্যের বাজারে বিদেশী ব্র্যান্ডের আধিপত্য ছিল। ওয়ালটন সেই চিত্র পুরোপুরি পাল্টে দিয়েছে। বিজ্ঞপ্তি।