রিয়ালের ড্রয়ের ম্যাচে এমবাপ্পের চোট
Printed Edition
ক্রীড়া ডেস্ক
লা লিগার শিরোপা দৌড়ে অনেকটা পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। পরশু রাতে রিয়াল বেতিস-এর বিপক্ষে ১-১ গোলে ড্র করে শীর্ষে থাকা বার্সেলোনার থেকে ৮ পয়েন্ট পিছিয়ে পড়েছে তারা। পয়েন্ট হারানোর পাশাপাশি দলের প্রধান তারকা কিলিয়ান এমবাপ্পের চোট পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলেছে, লা কার্তুহায় ম্যাচের ১৭ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে এগিয়ে যায় রিয়াল। তবে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে হেক্টর বেলেরিন গোল করে সমতা ফেরান বেতিস। ম্যাচের ৮১ মিনিটে পায়ে অস্বস্তি অনুভব করলে কোচ আলভারো আরবেলোয়া তাকে তুলে নিয়ে গনসালো গার্সিয়াকে মাঠে নামান। মাঠ ছাড়ার পর সরাসরি ড্রেসিংরুমে চলে যান তিনি। ম্যাচ শেষে আরবেলোয়া জানান, এমবাপ্পে কিছুটা অস্বস্তি অনুভব করছিলেন এবং আগামী কয়েক দিনে তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে।
চলতি মৌসুমে লিগে ২৮ ম্যাচে ২৪ গোল করেছেন এমবাপ্পে।