ঈশ্বরদীতে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে গুলি করে হত্যা
Printed Edition
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
পাবনার ঈশ্বরদীতে জমিসংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গুলিতে লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি বীরু মোল্লা (৪৮) নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বীরু মোল্লা কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে এবং লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি ছিলেন। তিনি জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের অনুসারী হিসেবে পরিচিত।
নিহতের ছেলে রাজিব মোল্লা জানান, বুধবার ফজরের নামাজের পর তার বড় চাচার ছেলে তাকে মোবাইল ফোনে কামালপুর বাঁধ এলাকায় যেতে বলেন। সেখানে তাদের দাদার বাড়ির জমি থেকে মাটি কাটার কাজ চলছিল। পরে তার বাবা বীরু মোল্লা ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার বিষয়ে জানতে চাইলে কথাকাটাকাটি শুরু হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বীরু মোল্লার চাচাতো ভাই জহুরুল মোল্লা বিরোধকৃত জমি থেকে মাটি কাটেন। এ নিয়ে কথা বলতে বুধবার সকালে বীরু মোল্লা কয়েকজনকে সাথে নিয়ে জহুরুল মোল্লার বাড়িতে যান। সেখানে কথাবার্তার একপর্যায়ে বাগি¦তণ্ডা শুরু হয়। এ সময় জহুরুল মোল্লা ও তার ছেলে প্রথমে ফাঁকা গুলি ছুড়ে উপস্থিত লোকজনকে সরে যেতে বলেন। তারা সরে না গেলে আবার গুলি ছোড়া হলে বীরু মোল্লা মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।