কুমিল্লায় তিন দিন ধরে সংঘর্ষ গুলিবিদ্ধ ২
Printed Edition
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টানা তিন দিন ধরে চলমান সংঘর্ষে অন্তত ৩০ জন আহত এবং দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষে একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গত বৃহস্পতিবার থেকে শনিবার বিকেল পর্যন্ত দফায় দফায় হামলা, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গতকাল রোববার এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়।
এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এক মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ মাথায় হেলমেট পরে প্রতিপক্ষকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছেন। কারো হাতে বড় বড় ছোরা, আবার একজনকে গুলি ছুড়তেও দেখা যায়। এতে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়ির কাচ ভাঙার শব্দ শোনা যায়।
স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ চর্থার থিরাপুকুর পাড় ও জিনাপুকুর পাড় পাশাপাশি দু’টি এলাকা। দুই এলাকার তরুণদের মধ্যে কথা কাটাকাটি থেকে বিরোধের সূত্রপাত। পরে ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় এলাকাবাসীও এতে জড়িয়ে পড়ে।
পরবর্তীতে জিনাপুকুর পাড়ের নয়ন গ্রুপ ও থিরাপুকুর পাড়ের স্বপন গ্রুপ- এই দুই পক্ষের মধ্যে বিরোধ তীব্র আকার নেয়। এতে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পক্ষ থানায় অভিযোগ করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।