সৌদিতে পৌঁছেছেন ৩৬ হাজার ৫৮৩ বাংলাদেশী হজযাত্রী
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে গতকাল বেলা ১১টা পর্যন্ত ৯১টি ফ্লাইটে মোট ৩৬ হাজার ৫৮৩ জন বাংলাদেশী হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। গতকাল হজ অফিসের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো: লোকমান হোসেন জানান, বেলা ১১টা পর্যন্ত ৯১টি ফ্লাইট মদিনা ও জেদ্দায় অবতরণ করেছে। এর মধ্যে জেদ্দায় ৭১ ফ্লাইটে ২৮ হাজার ৬৭৪ জন এবং মদিনায় ২০টি ফ্লাইটে সাত হাজার ৯০৯ জন অবতরণ করেছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে গতকাল আরো ছয়টি ফ্লাইট ছেড়ে যায়।
তিনি আরো জানান, এ বছর বাংলাদেশ থেকে মোট সাড়ে ৭৮ হাজার জনকে হজ পালনের অনুমতি দেয়া হয়েছে। হজ কার্যক্রম ব্যবস্থাপনায় ৩০টি প্রধান সংস্থা এবং ৬৩০টি সমন্বয়কারী সংস্থাসহ প্রায় ৬৬০টি সংস্থা সক্রিয় রয়েছে।
বিমান সংস্থাভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪০টি ফ্লাইটে ১৬ হাজার ৫৫১ জন, সৌদি এয়ারলাইন্সের ৩৩টি ফ্লাইটে ১২ হাজার ৮৮২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইটে সাত হাজার ১৪২ জন হজযাত্রী জেদ্দা পৌঁছেছেন। পরিচালক আরো জানান, বাকি হজযাত্রীরা নির্ধারিত বিমান সংস্থাগুলোর মাধ্যমে পর্যায়ক্রমে সৌদি আরব যাবেন।
সরকারি হিসাব অনুযায়ী, এ বছর চার হাজার ৫৬৫ জন হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।
ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস গতকাল পর্যন্ত শতভাগ হজযাত্রীর ভিসা ইস্যু করেছে। চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।