ইন্দোনেশিয়ায় বন্যায় মৃত্যু বেড়ে ৬৩১
Printed Edition
বিবিসি
ইন্দোনেশিয়ার সুমাত্রায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬৩১ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) পর্যন্ত প্রায় ১০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। এখনো উদ্ধারকাজ চলছে নিখোঁজ রয়েছেন আরো প্রায় ৫০০ জন।
মালাক্কা প্রণালীতে সৃষ্ট বিরল এক ঘূর্ণিঝড় গত সপ্তাহে দেশটির তিনটি প্রদেশে আঘাত হানে, যা প্রায় ১৪ লাখ মানুষের ওপর সরাসরি প্রভাব ফেলেছে বলে জানিয়েছে সরকারের দুর্যোগ বিষয়ক সংস্থা। ইন্দোনেশিয়ার পাশাপাশি থাইল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলঙ্কায়ও বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং শত শত মানুষের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর সুমাত্রার আচেহ ও পশ্চিম সুমাত্রা অঞ্চল। সেখানে হাজার হাজার মানুষ এখনো বিদ্যুৎ ও ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থায় মানবিক সঙ্কটে দিন কাটাচ্ছেন। সরকার জরুরি সহায়তা, খাদ্য সরবরাহ, চিকিৎসা ও নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে সামরিক বাহিনীসহ বিভিন্ন সংস্থাকে কাজে লাগিয়েছে। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।