ফুলের টবে পানি দিতে গিয়ে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগের বটতলা এলাকার বাঁশতলা গলির নিজ বাসার তিনতলার ছাদে ফুলের টবে পানি দেয়ার সময় নিচে পড়ে মোছা. হাওয়া নূর বেগম (৯০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। গতকাল বিকেলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নূর বেগমের ছেলে আনোয়ার হোসেন জানান, মা ছাদবাগান খুব ভালোবাসতেন বিকেলে ফুলের টবে পানি দেয়ার সময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যান। পরে আমরা দ্রুত মাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ দিকে রাজধানীর কদমতলী থানার শনিরআখড়া এলাকায় একটি বাসা থেকে সামিয়া আক্তার দিয়া (১৫) নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেকে ভাই নাজমুল জানান, এক ছেলের সাথে সামিয়ার প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি আমরা জানতে পেরে শাসন করলে অভিমান করে রাত ৮টার দিকে সামিয়া বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর দীর্ঘ সময় পার হলেও সাড়া-শব্দ না পেয়ে আমাদের সন্দেহ হলে বাথরুমের দরজা ভেঙে ভিতরে ঢুুকতে গিয়ে দেখি কাপড় রাখার হ্যাঙারের সাথে গলায় ওড়না প্যাঁচিয়ে ঝুলে আছে। পরে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার বোন দনিয়া বর্ণমালা হাইস্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী।