দিনটা ল্যাতিনদের রাতটা আফ্রিকার
Printed Edition
বাংলাদেশের হিসেবে যা দিন মার্কিন যুক্তরাষ্ট্রে তা রাত। ব্রাজিল ও জাপানের সেরা ৩২-এর যে ম্যাচ বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রের হিউস্টনে তখন দুপুর ১টা। আবার বিকেল সাড়ে ৪টায় যখন যুক্তরাষ্ট্রের বোস্টনে জার্মানি ও প্যারাগুয়ের ম্যাচ বাংলাদেশে তখন রাত আড়াই।
বাংলাদেশে সকাল ৮টায় যখন মরক্কো ও নেদারল্যান্ডসের ম্যাচ তা মেক্সিকোর মন্টেরিতে তখন রাত ১০টা। তাই উত্তর আমেরিকায় যা রাত বাংলাদেশে দিন। বাংলাদেশে সকাল মানে কনকাকাফ জোনে রাত। সেই হিসেবে এই উত্তর আমেরিকায় গত পরশু দিনটা ছিল ল্যাতিনদের। সেখানে সেরা ৩২-এর ম্যাচে ব্রাজিল ইনজুরি টাইমের শেষ সময়ের গোলে হারিয়েছে জাপানকে। এরপর এবারের বিশ্বকাপ ইতিহাসে সেরা অঘটনের জন্ম দিয়েছে আরেক ল্যাতিন আমেরিকান (দক্ষিণ আমেরিকা) দল। প্যারাগুয়ে টাইব্রেকারে ধরাশায়ী করেছে চারবারের চ্যাম্পিয়ন জার্মানিকে। শেষ কৃতিত্বটা মরক্কোর। গতবারের সেমিফাইনালিস্ট আফ্রিকান এই দেশ এবার সেরা ৩২-এর ম্যাচে বিদায় করে দিয়েছে তিনবারের ফাইনালিস্ট নেদারল্যান্ডসকে।
লক্ষণীয় বিষয় হলো, প্রথমবারের মতো প্রবর্তিত সেরা ৩২-এর ম্যাচের প্রথম দিনেই দুই চমক। যে প্যারাগুয়ে গত তিনটি বিশ্বকাপে কোয়ালিফাইই করতে পারেনি তাদের কাছে ধরাশায়ী হট ফেবারিট জার্মানি। ১-১ এ ১২০ মিনিটে খেলা শেষ হওয়ার পর টাইব্রেকারেও ৩-৩ এ সমতা। এরপর সাডেন ডেথ এ গোল করে ৪-৩ ম্যাচ জেতা। ফিফা র্যাংকিংয়ে ৪১ এ থাকা দলের কাছে হার চারবারের বিশ্বকাপ জয়ীদের। আর এই মিশনে সফল তাদের গোলরক্ষক গ্যাব্রিয়েল আবালোস। টাইব্রেকারে তিনি দু’টি শট ঠেকিয়ে দেন। ফলে বিশ্বকাপে ২০১০ সালে সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলা দলটি এবার ১২ বছর পর ফিরে উঠল সেরা ১৬-তে।
জার্মানি অবশ্য হারের মধ্যেই আছে। তারা গ্রুপের শেষ ম্যাচে আরেক ল্যাতিন আমেরিকান দেশ ইকুয়েডরের কাছে ১-২ গোলে হেরেছিল। শেষ ৩২ এ এই হারের ফলে ২০১৪ বিশ্বকাপ জয়ী গোলরক্ষক ম্যানুয়েল নুয়ারের করুণ বিদায় হলো। সম্ভবত এটিই তার শেষ বিশ্বকাপ। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়া জার্মানরা এবার নিজেদের অবস্থার একটু উন্নতি করেছে, এটাই সান্ত¡না। প্রথম রাউন্ড থেকে সেরা ৩২-এ।
দিনের শুরুটা হয়েছিল জাপানের বিপক্ষে ব্রাজিলের ২-১ গোলের নাটকীয় জয় দিয়ে। এই ম্যাচে ভুলের খেসারতে গোল খেয়েছিল ব্রাজিল। এরপর অবশ্য শেষ সময়ে জাপানি মিডফিল্ডারের ভুল পাস থেকেই বল পেয়ে ব্রাজিলের গ্যাব্রিয়েল মার্টিনেলির জয়ের নায়ক বনে যাওয়ার কাহিনী। ২০২২ ও এবারের বিশ্বকাপ মিলে ৯ ম্যাচ খেলা এই ফরোয়ার্ড মাত্র একটি ম্যাচের প্রথম একাদশে খেলার সুযোগ পেয়েছিল। তা গত বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে। ব্রাজিলের এই জয় ১৯৯৪ এর বিশ্বকাপের মতো এবারো তাদের বিশ্ব সেরা হওয়ার আশা জিইয়ে রাখল।
জার্মানির বিপক্ষে প্যারাগুয়ের জয়টি অঘটনের মোড়কে আবদ্ধ করা হলেও মরক্কোর ক্ষেত্রে তা নয়। ৯০ মিনিটের খেলা ১-১ এ শেষ হওয়ার পর অতিরিক্ত ৩০ মিনিটের খেলাতেও একই স্কোর লাইন। এরপর টাইব্রেকারে ৩-২ গোলে জয় মরক্কোর। নেদারল্যান্ডসরা শক্তিতে এগিয়ে থাকলেও গতবারের বিশ্বকাপের ফল বিবেচনায় আনলে পশ্চিম আফ্রিকান দেশটিই এগিয়ে। মরক্কো গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট। আর নেদারল্যান্ডস কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া দল। সর্বশেষ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন মরক্কো স্বপ্ন দেখছে প্রথমবারের মতো সিনিয়র বিশ্বকাপের ট্রফি হাতে নেয়ার। সেই স্বপ্ন এখনো টিকে আছে এই জয়ে।
আর বিশ্বকাপে দুর্ভাগা জাতিই থেকে গেল ডাচরা। এখন পর্যন্ত কোনো বিশ্বকাপ জিততে পারেনি তারা। ১৯৭৪, ১৯৭৮ ও ২০১০ সালের বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়া দলটি এবারো হারলো টাইব্রেকারে। বিশ্বকাপ ইতিহাসে পাঁচবার টাইব্রেকারের মুখোমুখি হওয়া দলটি এই স্পট কিকে চারবারই হেরেছে। অন্য দিকে জার্মানি এই প্রথম হার টাইব্রেকারে। ৩-৪ গোলে তাদের হারের কষ্টে পুড়তে হলো।
প্রতিবারই বিশ্বকাপে ফেবারিট থাকে জার্মানি ও নেদারল্যান্ডস। এবার সেরা ৩২ ম্যাচে এই সম্ভাব্য দুই শিরোপা জয়ীর বিদায় চ্যাম্পিয়নশিপের অপর প্রতিদ্বন্দ্বীদের রাস্তাটা সহজ করে দিলো। অবশ্য নক আউটে আসা সব দলই বড় টিমগুলোর জন্য চ্যালেঞ্জ। যেমনটা ইকুয়েডরের পর প্যারাগুয়ে জার্মানিকে হারিয়ে প্রমাণ করেছে।