র‌্যাবের সাবেক মহাপরিচালকের ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধ

Printed Edition

আদালত প্রতিবেদক

র‌্যাবের সাবেক মহাপরিচালক মো: হারুন অর রশীদ ও তার স্ত্রী ফাতেহা পারভীন লুনার নামে থাকা ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে মোট ৭৩ লাখ ৫০ হাজার টাকা জমা রয়েছে।

মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন। দুদকের উপ-সহকারী পরিচালক মো: ইমরান আকন ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, মো: হারুন অর রশীদের বিরুদ্ধে প্রায় এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধানে তার ও তার স্ত্রীর নামে বিপুল পরিমাণ অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। তবে এসব সম্পদের বৈধ আয়ের সন্তোষজনক উৎস পাওয়া যায়নি।

এ ছাড়া অভিযোগ রয়েছে, তারা সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন, যা সম্পন্ন হলে রাষ্ট্রের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। এ পরিপ্রেক্ষিতে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।