সিলেট সীমান্তে বিজিবির ব্যতিক্রমধর্মী ক্যাম্পেইন
Printed Edition
সিলেট ব্যুরো
সিলেটের সীমান্তে শিশু-কিশোরদের মধ্যে জনসচেতনতামূলক ক্যাম্পেইন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার গোয়াইনঘাট উপজেলায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এই জনসচেতনতা ক্যাম্পেইনের আয়োজন করে।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) ব্যবস্থাপনায় সিলেটের গোয়াইনঘাট উপজেলা অডিটোরিয়ামে বৃহস্পতিবার এ কার্যক্রমের আয়োজন করা হয়। সীমান্ত অপরাধ প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধি সম্পর্কিত রচনা লিখন, চিত্রাঙ্কন ও ভিডিও কনটেন্ট তৈরির উপর প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়া স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। প্রত্যেক ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণপূর্বক তাদের পুরস্কৃত করা হয়।
এ ছাড়াও, চলমান বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বিজিবির পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চারটি বিদ্যালয়কে ১০টি করে ৪০টি ফলদ ও বনজ গাছের চারা উপহার দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: নাজমুল হক বলেন, সীমান্তের সুরক্ষা একটি দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং অভ্যন্তরীণ নিরাপত্তার মূল ভিত্তি। এটি কেবল সীমান্তরক্ষী বাহিনীর একক দায়িত্ব নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সচেতনতা ও দেশপ্রেমের সাথে জড়িত। এ ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধিতে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সম্পৃক্ততার গুরুত্ব অপরিসীম। অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার এবং গোয়াইনঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বক্তব্য রাখেন।
অন্যান্যদের মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ, সেক্টর সদর দফতর, সিলেটের মেডিক্যাল অফিসার, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, সংগ্রাম বিওপি কমান্ডার, অন্যান্য পদবীর বিজিবি সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিরা, জনসাধারণ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।