চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ

পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা সিএমপি কমিশনার

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের দুই দফা সংঘর্ষের ঘটনায় পুলিশের কোনো গাফিলতি থাকলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। গতকাল বুধবার সকালে নগরের লালদীঘিস্থ সিএমপি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিএমপি কমিশনার বলেন, সিটি কলেজে সংঘর্ষের ঘটনায় আমাদের অভিযান চলছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি জানান. এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। কোনো পক্ষই থানায় মামলা দায়ের করেনি।

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সংঘর্ষের সময় পুলিশের কোনো গাফিলতি ছিল কি না, তা আমরা তদন্ত করে দেখব। যদি গাফিলতির প্রমাণ পাওয়া যায়, তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, সংঘর্ষে অস্ত্রধারীদের শনাক্তের চেষ্টা চলছে। শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।