নারী লিগে হ্যাটট্রিক আর গোল বন্যা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বিরতরি পর গতকাল থেকে ফের শুরু হয়েছে নারী ফুটবল লিগ। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ আর্মি ১৮-০ গোলে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস অ্যাকাডেমীকে। এছাড়া রাজশাহী স্টারসের ৮-০ গোলে জয় শুদ্ধপুষ্করিণীর বিপক্ষে। অবশ্য অন্য ম্যাচে ২ গোলে পিছিয়েও শেষ পর্যন্ত ইনজুরি টাইমে পাওয়া পেনাল্টিতে বাংলাদেশ পুলিশকে ৩-২ গোলে হারিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। আর বিকেএসপি ৯-১ গোলে হারিয়েছে সিরাজ স্মৃতিকে।

ঋতুপর্ণা চাকমা এবং আলপি আক্তারের হ্যাটট্রিকে শিরোপা জয়ের পথে আরো একধাপ এগিয়ে গেছে রাজশাহী স্টারস। ৯,৫৫ ও ৫৭ মিনিটে তিন গোল করেন অনূর্ধ্ব-১৯ নারী সাফের সর্বোচ্চ গোলদাতা আলপি আক্তার। ঋতুপর্ণার তিন গোল ৮, ৩২ ও ৯৩ মিনিটে। অপর দুই গোল সৌরভী আকন্দ প্রীতি ( ৭৫ মি.) ও মুনকি আক্তারের (৪৫ মি.)।

রিয়ার ডাবল হ্যাটট্রিক এবং মিরা খাতুনের হ্যাটট্রিকে বিকেএসপি ৯-১ গোলে হারিয়েছে সিরাজ স্মৃতিকে। সিরাজ স্মৃতির গোলদাতা তৃষা।

২৪ মিনিটে পেনাল্টি থেকে আইরিন এবং ৩৭ মিনিটে সাগরিকার গোলে ফরাশগঞ্জের বিপক্ষে এগিয়ে যায় পুলিশ। তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় ফরাশগঞ্জ। ৫২ মিনিটে মারিয়া মান্ডা এবং ৬৫ মিনিটে শামসুন্নাহার জুনিয়র গোল করে খেলায় সমতা আনেন। এর পর ৯১ মিনিটে পেনাল্টি থেকে বুড়িগঙ্গা পাড়ের দলটিকে জয় এনে দেন শামসুন্নাহার সিনিয়র।

নাসরিনের বিপক্ষে আর্মির মোসাম্মৎ সুলতানা ট্রিপল হ্যাটট্রিক করেন। এ ছাড়া বৃষ্টি খাতুন করেছেন হ্যাটট্রিক। জোড়া গোল উন্নতি খাতুন ও তনিমা বিশ^াসের। একটি গোল হালিমার। অপরটি আত্মঘাতী।