চট্টগ্রাম জামায়াতের যুব র্যালি
৫৪ বছরেও স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে দেয়া হয়নি : নজরুল ইসলাম
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পার হলেও জাতিকে প্রকৃত ইতিহাস জানতে দেয়া হয়নি। ভারতের শিখিয়ে দেয়া বয়ানই দীর্ঘদিন জনগণের সামনে উপস্থাপন করা হয়েছে। আজকের দিনে প্রকৃত ইতিহাস জানার প্রয়োজন সবচেয়ে বেশি।
মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত যুব র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। র্যালিটি নগরীর দুই নম্বর গেট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বহদ্দারহাট মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। এতে হাজার হাজার শ্রমিক, যুবক ও ছাত্র অংশ নেন।
মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সাড়ে সাত কোটি মানুষ- বিশেষ করে শ্রমিক, ছাত্র ও যুবসমাজ- গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু গত ৫৪ বছরে বিভিন্ন সরকার দেশ পরিচালনা করলেও মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি। ২০২৪ সালের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে জনগণ নতুন করে সেই স্বাধীনতার স্বাদ পেতে শুরু করেছে। তাই ১৬ ডিসেম্বরের পাশাপাশি ৩৬ জুলাইও স্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে রংপুরের আবু সাঈদ, চট্টগ্রামের ওয়াসিম আকরাম, ফয়সাল আহমদ শান্ত ও মোহাম্মদ ফারুকসহ শত শত ছাত্র-জনতা শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগের মাধ্যমেই যুবসমাজ ভারতীয় বয়ান, আধিপত্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।
প্রধান অতিথি অভিযোগ করেন, ব্রিটিশবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৪৭ সালে স্বাধীনতা এলেও পাকিস্তানি শাসকগোষ্ঠী ইসলামের আলোকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি রক্ষা করেনি। ১৯৭০ সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমান সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরও ক্ষমতা হস্তান্তর না করায় জাতি মুক্তিযুদ্ধে বাধ্য হয়। তবে ২৫ মার্চের প্রকৃত ইতিহাস আজো আড়ালে রাখা হয়েছে।
তিনি আরো বলেন, ৬ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী যুদ্ধ করে ঢাকাসহ গুরুত্বপূর্ণ সড়ক দখল করে নেয় এবং ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সংঘটিত হয়। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী কেন আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করতে পারেননি- এ প্রশ্নেরও উত্তর জাতিকে জানতে হবে।
র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন যুব বিভাগ চট্টগ্রাম মহানগরীর সভাপতি ও নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। আলোচনা সভায় বক্তব্য রাখেন নগর জামায়াত সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ডা: এ কে এম ফজলুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন নগর সভাপতি এস এম লুৎফর রহমান এবং জামায়াত নেতা ডা: আবু নাছের। সমাপনী বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যরে সাথে বসবাস করছে। এই ঐক্য কেউ ভাঙতে পারবে না।