ওসমান হাদিকে ‘শহীদ’ ঘোষণা করে গেজেট প্রকাশসহ ৬ দাবি মঞ্চ ২৪-এর

Printed Edition
back-1
ঢাবির মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেন জুলাই ঐক্যের নেতারা :নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

শরিফ ওসমান বিন হাদিকে ‘শহীদ’ ঘোষণা করে গেজেট প্রকাশ, খুনিকে গ্রেফতারের দাবি ও প্রসাশনের কার্যক্রমসহ ছয়টি দাবি জানিয়েছে ‘মঞ্চ ২৪’। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে দাবিগুলো জানান ‘মঞ্চ ২৪’ এর নেতারা।

এ সময় ‘মঞ্চ ২৪’ এর মুখপাত্র মেজর শাহীন বলেন, ‘অনেক বছর পরে, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের পর এই জাতিকে একটি মুক্তির স্বাদ এনে দিয়েছিল জুলাই বিপ্লব। কিন্তু দুঃখজনকভাবে আমরা আজ সেই জুলাই বিপ্লবটাকে প্রায় হারাতে বসেছি। এই হাদি হত্যাকাণ্ড কোনোভাবেই ধামাচাপা পড়তে দেয়া যাবে না। আমি যেকোনোভাবে হাদি হত্যাকাণ্ডের বিচার চাই।’

তিনি আরো বলেন, ‘এই হত্যাকাণ্ডে যারা জড়িত, সবার বিচারের দাবি করছি। আর যারা এ ঘটনাকে অবহেলার চোখে দেখেছে বিশেষ করে আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টাদের ব্যর্থতার দায়ে তাদের সবাইকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।’

এ সময় ‘মঞ্চ ২৪’ এর আহ্বায়ক তাদের দাবিগুলো তোলে ধরেন।

দাবিগুলো হলো :

এক. শরিফ ওসমান বিন হাদিকে ‘শহীদ’ ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করতে হবে।

দুই. অপরাধ ও আইন বিশেষজ্ঞ, সাবেক গোয়েন্দা কর্মকর্তা, সাবেক বিচারপতি, ইনকিলাব মঞ্চের একজন প্রতিনিধি, একজন মানবাধিকার কর্মী, সাবেক সামরিক অফিসার ও বিদেশী দু’জন বিশেষজ্ঞ সমন্বয়ে গণতদন্ত কমিশন গঠন করতে হবে।

তিন. কথিত অনুসন্ধানী সাংবাদিকদের জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে।

চার. যে পত্রিকা ও টেলিভিশন চ্যানেল এ হত্যাকাণ্ড নিয়ে তদন্ত প্রতিবেদন ছাপিয়েছে, সে সব গণমাধ্যমের প্রতিবেদক ও বার্তা সম্পাদকদেরও জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে।

পাঁচ. ডিজিএফআইয়ের প্রধানসহ দেশের সকল গোয়েন্দা সংস্থার প্রধানদের জবাবদিহিতার আওয়তায় আনতে হবে।

ছয়. প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্যপুস্তকে শহীদ ওসমান বিন হাদির ভারতীয় আধিপত্যবাদের লড়াইকে অন্তর্ভুক্ত করতে হবে।