গোমস্তাপুরে সাইকেল সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ
Printed Edition
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দরিদ্র ও পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষার প্রসারে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোমস্তাপুর ইউএনও জাকির মুন্সি। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা। বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব ও বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান সামিউল ইসলাম শ্যামলসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে বাইসাইকেল এবং মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। পাশাপাশি নারীদের ঘরে বসে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপকারভোগী ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও নারীরা সরকারি এই সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং এই কল্যাণমুখী ধারা ভবিষ্যতে উন্মুুক্ত রাখার দাবি জানান।