জগন্নাথপুর কাটাগাঙ্গের বেইলি ব্রিজ মরণফাঁদ
Printed Edition
হুমায়ুন কবির জগন্নাথপুর (সুনামগঞ্জ)
পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর ইছগাঁও এলাকায় কাটাগাঙ্গের ওপর বেইলি ব্রিজ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ব্রিজের ওপর পাঠাতনগুলো প্রায় সময় পৃথক হয়ে যায়। কয়েকদিন পর পরেই পাঠাতনগুলো খুলে গিয়ে যানবাহন চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়। ২০২২ সালে সিমেন্ট বোঝাই ট্রাক ব্রিজ পারাপারের সময় ব্রিজটি ভেঙে নদীতে পড়ে চালকসহ দুইজন নিহত হন।
সরেজমিন দেখা যায়, জনগুরুত্বপূর্ণ এই ব্রিজটির পাঠাতনগুলো সরে গিয়ে ফাঁকা হয়ে গেছে। ব্রিজটি জোড়াতালি দিয়ে চালানো হলেও দিন দিন দুর্বল হয়ে পড়ছে। প্রতিদিন ঢাকাগামী ও ঢাকা থেকে সুনামগঞ্জ গামী শতাধিক বাস যাত্রীদের নিয়ে ঝুঁকিপূর্ণ এ ব্রিজ দিয়ে চলাচল করতে হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক ১০টনের ভারী যানবাহন চলাচলে নিষেধ রয়েছে।
নিষেধ অমান্য করে ট্রাক ও ভারী যানবাহন চলাচল করছে। ফলে যাত্রীরা আতঙ্কের মধ্যে থাকেন। প্রায় সময় যানবাহনগুলো ব্রিজে আটকে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা মানুষের দুর্ভোগ পোহাতে দেখা যায়। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজ দিয়ে মানুষজন চলাচল করছেন। যেকোনো সময় আবারো এ ব্রিজটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
দীর্ঘদিন ধরে কাটাগাংঙ্গের ওপর নতুন নির্মাণের দাবি করে আসছেন জগন্নাথপুর উপজেলাবাসী। জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীরা জানান, কাটাগাঙ্গের ওপর নতুন ব্রিজ নির্মাণ জরুরি হয়ে পড়েছে। এ ব্রিজ দিয়ে প্রতিদিন শত শত যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। দ্রুত ব্রিজ নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা। এ বিষয়ে জানতে সড়ক ও জনপথ বিভাগ সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলীর সরকারি মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।