বিএফএলে ঘটনাবহুল দিন

Printed Edition

  • রহমতগঞ্জ ১-১ বসুন্ধরা কিংস
  • ফর্টিস ০-০ আরামবাগ
  • মোহামেডান ৩-০ ইয়ংম্যান্স
  • পুলিশ ১-৩ ঢাকা আবাহনী

  • ম্যাচ বয়কট বসুন্ধরার বিদেশী ফুটবলারদের
  • চার ম্যাচে ৫ লাল কার্ড
  • পয়েন্ট হারালো বসুন্ধরা ও ফর্টিস
  • জয় পেল আবাহনী ও মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক

বকেয়া বেতনের দাবি কয়েক দিন ধরেই তুলেছিল বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা। গতকাল তো ম্যাচই খেলেনি বসুন্ধরা কিংসের বিদেশী ফুটবলাররা। বকেয়া বেতনের দাবিতে তাদের ম্যাচ বয়কট। এ অবস্থায় স্থানীয়দের নিয়েই মাঠে নামে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলটি। তবে বিদেশী ছাড়া যে ক্লাবটি অচল, তা প্রমাণিত হলো। দেশী ফুটবলার নিয়ে বসুন্ধরা কিংসের পক্ষে জেতা সম্ভব হয়নি। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তাদের ১-১-এ রুখে দিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। বসুন্ধরা কিংসের মতো পয়েন্ট হারিয়েছে ফর্টিসও। তাদের গোলশূন্যতে ড্র করা আরামবাগ ক্রীড়া সংঘের সাথে। দুই দলের এই ড্রতে লাভ হয়েছে ঢাকা আবাহনীর। তারা বাংলাদেশ পুলিশকে ৩-১ গোলে হারিয়ে চলে এসেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। তিনে নেমে গেছে ফর্টিস। অন্য দিকে মোহামেডান ৩-০ গোলে ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুলকে হারিয়েছে। এতে কোচ আলফাজ আহমেদকে বাদ দিয়ে নতুন কোচ আবদুল কাইয়ুম সেন্টুর অধীনে এসেই জয়ের দেখা পেল সাদা কালো শিবির। উঠে এসেছে ৬ নম্বরে। তবে গতকাল লিগের ম্যাচে ছিল লাল কার্ডের ছড়াছড়ি। চার ম্যাচে হয়েছে পাঁচটি লাল কার্ড প্রদর্শনের ঘটনা।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই আর্থিক সঙ্কটের মুখে পড়ে বসুন্ধরা কিংস। এই অর্থসঙ্কটও এখনো চলছে। দলের আর্জেন্টাইন কোচ আগেই দলে চলে গেছেন। প্রথম পর্ব শেষেই দেশে ফিরে গেছেন তিনি। তবে গতকাল বকেয়া বেতনের দাবিতে বিদেশীদের ম্যাচ বয়কয়টা ছিল ক্লাবের জন্য বিব্রতকর। ক্লাব সূত্রে জানা গেছে, দুই মাসের বেতন বাকি বিদেশী খেলোয়াড়দের। এতে ক্ষুব্ধ তারা। তাই গতকাল আর মাঠেই নামেনি। এ ছাড়া ক্লাবটির দেশী ফুটবলার ও কোচিং স্টাফদেরও বেতন বাকি আরো লম্বা সময়ের। দেশের টানে ক্লাবের টানে স্থানীয়রা খেলে গেলেও বিদেশীরা বকেয়া বিষয়ে খুবই সিরিয়াস। তাই কাল তাদের এই ম্যাচ বয়কট।

ম্যাচে অবশ্য প্রথমে লিড নিয়েছিল বসুন্ধরা কিংসই। ১৩ মিনিটে শাহরিয়ার ইমনের গোলে এগিয়ে যায় তারা। তবে ৪২ মিনিটে সমতা আনে রহমতগঞ্জ। আর্নেস্ট বোয়েটাং খেলায় ফেরান পুরান ঢাকার দলকে। ম্যাচে লাল কার্ড পান রহমতগঞ্জের নেপালি ফুটবলার অভিষেক লিম্বু ও বসুন্ধরার বিশ্বনাথ ঘোষ। ১৩ খেলায় বসুন্ধরার পয়েন্ট ২৮। রহমতগঞ্জের ১৯। বসুন্ধরা কিংস এরিনায় ১০ জনের ফর্টিস এফসি জিততে পারেনি আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে। গোলশূন্য ড্র করেছে তারা। ম্যাচে লাল কার্ড পান ফর্টিসের গাম্বিয়ান স্ট্রাইকার পা ওমর বাবোউ। ফর্টিসের ভাণ্ডারে জমা পড়েছে ২৫ পয়েন্ট। আরামবাগের ১০।

লাল কার্ডের ঘটনা ঘটেছে ঢাকা আবাহনী ও বাংলাদেশ পুলিশের ম্যাচে। পুলিশের শরীফউদ্দিন নীরব এবং আবাহনীর শেখ মোরসালিন লাল কার্ড পান। অবশ্য এই মোরসালিনই দলের হয়ে শেষ গোলটি করেন ৭৮ মিনিটে। ৩৩ মিনিটে নাইরেজিয়ান এমেকার গোলে এগিয়ে যায় মারুফুল হকের দল। ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আল আমিন। প্রথমার্ধের ইনজুরি টাইমে পুলিশের এম এস বাবলু সমতা আনেন। আবাহনীর পয়েন্ট ২৫। পুলিশের ১৬।

কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের ঝলকে মোহামেডান ৩-০ গোলে হারিয়েছে ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুলকে। ৬০ মিনিটে জয় আহমেদের গোলে এগিয়ে যায় দর্শকপ্রিয় ক্লাবটি। ৯১ মিনিটে জুয়েল মিয়া ব্যবধান বাড়ান। আর ৯৬ মিনিটে রাফায়েল টুডু স্কোর ৩-০ করেন। মোহামেডানের পয়েন্ট ১৪।