ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসে অগ্নিসং যোগ

Printed Edition

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে অফিস ভবনের পেছনের জানালার কাঁচ ভেঙে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এতে সদর উপজেলা নির্বাচন অফিসের নথিপত্র পুড়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

অগ্নিসংযোগের খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর সকাল ১০টার দিকে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে তিনি এক জরুরি রুদ্ধদ্বার বৈঠকে বসেন।

নির্বাচন অফিসের নিরাপত্তারক্ষী রাজ্জাক বলেন, সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আমি তখন দুই তলায় ছিলাম। ধোঁয়ার গন্ধ পেয়ে নিচে নেমে আগুন দেখতে পাই। পরে তাৎক্ষণিকভাবে পাশে থাকা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলি। জেলা নির্বাচন অফিসের হিসাব রক্ষক মো: আসাদুজ্জামান বলেন, যে কক্ষে আগুন দেয়া হয়েছে, সেটা সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুম ছিল। এখানে ভোটারদের সমস্ত তথ্য জমা রাখা হয়। আগুন লাগায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান। তিনি জানান, কিভাবে আগুন লেগেছে কিংবা কারা দিয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।