ট্রাম্প প্রশাসনের ইথিওপীয়দের সুরক্ষা বাতিলের সিদ্ধান্তে আদালতের বাধা
Printed Edition
আলজাজিরা
যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় ৫০০০ ইথিওপীয় নাগরিকের আইনি সুরক্ষা বাতিলের সিদ্ধান্তে বাধা দিয়েছেন দেশটির একজন ফেডারেল বিচারক। এর ফলে তারা বর্তমানে কোনো রকম বহিষ্কারের ভয় ছাড়াই সেখানে বসবাস এবং কাজ করার সুযোগ পাবেন।
ডিস্ট্রিক্ট জজ ব্রায়ান মারফি বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন। ট্রাম্প প্রশাসন মূলত অ-পশ্চিমা দেশগুলোর অভিবাসীদের আইনি সুরক্ষার সুবিধা বন্ধ করতে যে পদক্ষেপ নিয়েছিল বিচারকের এই রায়কে তার জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। মারফি তার রায়ে উল্লেখ করেন যে টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস প্রদান এবং বাতিলের ক্ষেত্রে কংগ্রেসের নির্দিষ্ট মানদণ্ড ও ভূমিকা রয়েছে যা প্রেসিডেন্ট ট্রাম্প উপেক্ষা করেছেন। বিচারক মারফি স্পষ্টভাবে জানান যে মার্কিন সাংবিধানিক ব্যবস্থায় প্রেসিডেন্টের ইচ্ছা কখনোই কংগ্রেসের সিদ্ধান্তের ওপর স্থান পেতে পারে না। তিনি বলেন, প্রেসিডেন্টের ব্যক্তিগত খেয়ালখুশি কোনোভাবেই সরকারি সংস্থাগুলোর আইনি বাধ্যবাধকতাকে ছাপিয়ে যেতে পারে না। ট্রাম্প প্রশাসন এ পর্যন্ত ১৩টি দেশের টিপিএস সুবিধা বাতিলের চেষ্টা করেছে যা মূলত যুক্তরাষ্ট্রে অভিবাসন সীমিত করা এবং নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে দেশ থেকে বের করে দেয়ার প্রচেষ্টার অংশ।