নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর

নৌকাবাসের কষ্ট ভুলে নতুন ঘর পেলেন বৃদ্ধ দম্পতি

Printed Edition

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

চার দিকে জলরাশি, মাঝখানে একটি ভাসমান নৌকা, এই নৌকাতেই প্রায় ৩৫ বছর ধরে মানবেতর জীবন কাটিয়েছেন জামাত আলী (৬৫) ও তার স্ত্রী সখিনা বেগম। ঝড়-বৃষ্টি, প্রচণ্ড শীত ও রোদের সাথে লড়াই করে নৌকাকেই ঘর বানিয়ে দিন কাটছিল তাদের। শেষ বয়সে এসে একটি নিরাপদ আশ্রয়ের স্বপ্ন থাকলেও তা ছিল প্রায় অধরাই। দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় বৃদ্ধ দম্পতির এই করুণ জীবনগাথা প্রকাশের পর মানবিক সহায়তায় এগিয়ে আসে হাউজ অব মান্নান চ্যারিটেবল ট্রাস্ট। ট্রাস্টের অর্থায়নে এবং ‘প্রচেষ্টা সবার জন্য’ উদ্যোগে প্রতিষ্ঠাতা সাহবাজ খান সানির তত্ত্বাবধানে তাদের জন্য একটি টেকসই বসতঘর নির্মাণ করা হয়। ঘরের সাথে স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও স্থাপন করা হয়েছে। পাশাপাশি চৌকি, লেপ-বালিশসহ প্রয়োজনীয় নিত্যব্যবহার্য সামগ্রী প্রদান করা হয়।

নিজস্ব জমি না থাকায় স্থানীয় দিনমজুর আলম শেখ মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে তার বাড়ির আঙিনায় ঘর নির্মাণের জায়গা করে দেন। এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নতুন ঘরে উঠতে পেরে আবেগাপ্লুত জামাত আলী বলেন, ‘জীবনের শেষ সময়ে এসে নিজের একটি ঘর পাবো, তা কখনো কল্পনাও করিনি।’ তার স্ত্রী সখিনা বেগম বলেন, ‘নৌকার কষ্টের দিন শেষ হয়েছে। এখন নিরাপদে মাথা গোঁজার ঠাঁই পেয়েছি।’ সহায়তাকার্যক্রমের তত্ত্বাবধায়ক সাহবাজ খান সানি বলেন, ‘গণমাধ্যমে সংবাদ প্রকাশ না হলে তাদের কষ্টের কথা জানা সম্ভব হতো না। স্থায়ী আশ্রয় মানুষের মৌলিক অধিকার, সেই অধিকার নিশ্চিত করতেই এই উদ্যোগ।’

দীর্ঘদিনের নৌকাবাসের অনিশ্চিত জীবন পেছনে ফেলে একটি ছোট্ট ঘর ফিরিয়ে দিয়েছে এই বৃদ্ধ দম্পতির নিরাপত্তা ও মর্যাদা, যা মানবিক সাংবাদিকতা ও সামাজিক সহানুভূতির এক উজ্জ্বল উদাহরণ।