শৈলকুপায় গণ সংবর্ধনা

দুর্নীতিবাজদের কোনো রাজনৈতিক শেল্টার নেই : আইনমন্ত্রী

Printed Edition
3rd-1
দুর্নীতিবাজদের কোনো রাজনৈতিক শেল্টার নেই : আইনমন্ত্রী

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান বলেছেন, মাদক, সন্ত্রাস, ধর্ষণ ও দুর্নীতিবাজদের সাথে জড়িত কোনো ব্যক্তি বা তাদের সহযোগী ও আশ্রয়দাতাদের ছাড় দেয়া হবে না। অপরাধীদের কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বা আশ্রয়-প্রশ্রয় পাওয়ার সুযোগ থাকবে না। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে তাদের দ্রুততম সময়ে বিচারের মুখোমুখি করা হবে। শনিবার দুপুরে শৈলকুপা ডিগ্রি কলেজ মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, ‘গণ-অভ্যুত্থানের শহীদদের তাজা রক্তের বিনিময়ে আমরা নতুন সরকার ও নির্বাচন পেয়েছি। এই শহীদদের আত্মা কষ্ট পায় বা তাদের অমর্যাদা হয় এমন কোনো কর্মকাণ্ড এই সরকার মেনে নেবে না।’ তিনি আরো জানান, গণ-অভ্যুত্থানে যারা অপরাধ করেছে, তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে।

আইনমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জনস্বার্থে জারি করা ১৩৩টি অধ্যাদেশ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই বিল আকারে পেশ করা হবে। এছাড়া চাঞ্চল্যকর নরসিংদীর ধর্ষণ মামলা ও ঝিনাইদহের শিশু তাবাসসুম হত্যা মামলা সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে বিচার করা হবে বলে তিনি আশ্বাস দেন। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সড়ক ও অবকাঠামো নির্মাণে কোনো প্রকার আপস করা হবে না। অনিয়ম করলে অফিস কর্মকর্তা ও ঠিকাদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। শৈলকুপায় যারা চাঁদাবাজি, দলাদলি বা সাধারণ মানুষকে হুমকি দেবে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে। শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজের সঞ্চালনায় এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।