৩০০ আসনে ইসির রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ
ত্রয়োদশ সংসদ নির্বাচন
Printed Edition
বিশেষ সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০টি সংসদীয় আসনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করার পর রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পাশাপাশি সহকারী রিটার্নিং কর্মকর্তাও নিয়োগ দিয়েছে। কেবল তিনটি আসনে ইসি নিজস্ব কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭-এর দফা (১) ও (২) অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৫ অনুযায়ী গণভোট অনুষ্ঠানের উদ্দেশ্যে নির্বাচনী এলাকাগুলোর জন্য বর্ণিত কর্মকর্তাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের জন্য রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করছে।
ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, ঢাকা, চট্টগ্রাম ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং ৬৪ জেলার জেলা প্রশাসকদের (ডিসি) রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। ঢাকা ও চট্টগ্রাম মহানগরের আসনগুলো এবং খুলনা নগরের একটি আসন বাদে ৬৪ জেলা প্রশাসক সংশ্লিষ্ট জেলার সংসদীয় আসনগুলোতে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
ঢাকা মহানগরীতে অবস্থিত আসনগুলোর মধ্যে ঢাকা ১৩ ও ১৫ ছাড়া অন্যগুলোতে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকছেন ঢাকার বিভাগীয় কমিশনার। এই দুই আসনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনের ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। ঢাকা জেলার আসনগুলোতে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকার জেলা প্রশাসক।
চট্টগ্রাম মহানগরসংশ্লিষ্ট আসনগুলোর মধ্যে চট্টগ্রাম-৪, ৫, ৮, ৯ ও ১০ আসনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার। চট্টগ্রাম-১১ আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ইসির চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। এর বাইরে চট্টগ্রামের অন্য আসনগুলোতে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক। এ ছাড়া খুলনা-৩ আসনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ইসির খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। এ দিকে গতকাল আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বাগেরহাটে চারটি এবং গাজীপুরে পাঁচটি আসন পুনর্নির্ধারণ করে সীমানার সংশোধিত গেজেট জারি করেছে ইসি।