আ’লীগের পতন থেকে শিক্ষা নেয়ার আহ্বান মেজর হাফিজের
Printed Edition
লালমোহন (ভোলা) সংবাদদাতা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, বিএনপি জনকল্যাণের রাজনীতিতে বিশ্বাসী। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দেশকে সুখী-সমৃদ্ধ পথে এগিয়ে নেয়া হবে। তিনি দাবি করেন, বিএনপি রাষ্ট্রক্ষমতার বাইরে থাকলে দেশে অনিশ্চয়তা ও সঙ্কট বাড়বে।
গত শনিবার সন্ধ্যার পর ভোলার লালমোহন উপজেলার ধলী গৌরনগর ইউনিয়নের মঙ্গল সিকদার বাজারে সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেজর হাফিজ বলেন, আওয়ামী লীগের পতনের অভিজ্ঞতা থেকে রাজনৈতিক দলগুলোর শিক্ষা নেয়া প্রয়োজন। তিনি সতর্ক করে বলেন, জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক মূল্যবোধ উপেক্ষা করলে যে কোনো দলই একই পরিণতির মুখোমুখি হতে পারে। তিনি আরও দাবি করেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে দেশে উগ্রবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার আশঙ্কা রয়েছে।
জনসভায় উপস্থিত নেতারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দাবি করেন, বিএনপির নেতৃত্বেই গণতন্ত্র পুনরুদ্ধার ও জনআকাক্সক্ষা বাস্তবায়ন সম্ভব।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো: ফরিদ উদ্দিন, শফিউল্যাহ হাওলাদার, ধলী গৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির সভাপতি মো: ইউসুফ মেম্বার এবং ইউনিয়ন পশ্চিম শাখা বিএনপির সভাপতি মো: দেলোয়ার হোসেন নসু। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।