সাহায্যের আবেদন

দুর্ঘটনায় মায়ের মৃত্যু, হাসপাতালে কাতরাচ্ছে দুই ভাই

Printed Edition
bangla-5
দুর্ঘটনায় মায়ের মৃত্যু, হাসপাতালে কাতরাচ্ছে দুই ভাই

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের সীতাকুণ্ডের বটতলা এলাকায় গত ১৬ নভেম্বর বাস-ট্রাক সংঘর্ষে নিহত পাঁচজনের একজন মিরসরাইয়ের গৃহবধূ রিংকু দাস। ওই ঘটনায় মারাত্মকভাবে আহত তার দুই ছেলে এখনো চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। নিহত রিংকু দাস মিরসরাই সদর ইউনিয়নের জামালের দোকান এলাকার বাসিন্দা। আহতরা হলো- মজহারুল হক চৌধুরী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী কিষাণ দাস ও জাফরাবাদ এম এ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী অর্পণ দাস।

জানা যায়, গত ১৬ নভেম্বর রিংকু দাস দুই সন্তানকে নিয়ে সিডিএম পরিবহনের একটি বাসে মিঠাছড়া থেকে বাড়বকুণ্ড বাবার বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে সীতাকুণ্ডের মীরেরহাট এলাকায় বাসটি ট্রাকের সাথে সংঘর্ষে পড়ে। এতে মা-ছেলেসহ তিনজন গুরুতর আহত হন। ২৫ নভেম্বর ভোরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিংকু দাস মারা যান। স্বজনরা জানান, এক বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকেই রিংকু দাস সন্তানদের নিয়ে মানবেতর জীবন যাপন করছিলেন। দুই ছেলেকেই নিজের সামর্থ্যে পড়ালেখা চালাতে সংগ্রাম করছিলেন তিনি। দুর্ঘটনার পর সন্তানরা আইসিইউতে থাকায় তাদের চিকিৎসা ব্যয় বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।

গুরুতর আহত দুই ভাইয়ের চিকিৎসা অব্যাহত রাখতে স্বজনরা সমাজের সামর্থ্যবান মানুষদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন। সহযোগিতা পাঠানোর নম্বর, সজল দাশ (মামা): ০১৮৩৬-২০৩২৫৭, সুশঙ্কর (জেঠা): ০১৭২৪-৫০৪৭৪৩।