এফএ কাপে গোলবন্যার রাত

Printed Edition
Sports-3
গোল করার পর ছুটছেন ম্যানসিটির ম্যাক্স অ্যালেন (৬৮) : ইন্টারনেট

ক্রীড়া ডেস্ক

ইংলিশ ফুটবলের সর্বস্তরের দলগুলো নিয়ে নকআউট পদ্ধতির প্রতিযোগিতা এফএ কাপের গত পরশু রাতটি ছিল গোলবন্যার। যার এক ম্যাচেই হয়েছে ১১ গোল। আর তিন ম্যাচে ছয়টি করে মোট ১৮ গোল। সব মিলে এক রাতে হয়েছে ৪৭ গোল। সবচেয়ে বড় কীর্তিটা ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির। এফকে কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে এক্সেটার সিটিকে ১০-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার দল। দেড় বছরেরও বেশি সময় পর জালের দেখা পেয়েছেন রদ্রি। আর সিটিজেনদের হয়ে সব মিলে গোল করেছেন সাতজন। দু’টি গোল রিকো লুইসের। রদ্রি ছাড়াও একবার করে জালের দেখা পান ম্যাক্স অ্যালাইন, অ্যান্টনি সেমেনিও, তিয়ানি রেইডার্স, নিকো ও’রিলি ও রায়ান ম্যাকাইদু। আর বাকি দুইটি গোল আত্মঘাতী।

এফএ কাপে এর আগে অঘটনের জন্ম দিয়েছে ম্যাকলসফিল্ড এফসি। ইংলিশ ফুটবলের সবচেয়ে পুরনো প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেসকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইংলিশ ফুটবল লিগ ব্যবস্থার ষষ্ঠ স্তর ন্যাশনাল লিগ নর্থের দলটি।

এ দিন তৃতীয় রাউন্ডের ম্যাচে চেল্টেনহ্যাম টাউন এফসিকে ২-০ ব্যবধানে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে বাংলাদেশের হামজা চৌধুরীর দল লেস্টার সিটি। ডার্বি কাউন্ট্রিকে গতকাল ৩-১ গোলে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে লিডস ইউনাইটেড। চার্লটনের বিপক্ষে ৫-১ গোলের জয় পেয়েছে চেলসি। ওয়াটফোর্ডের বিপক্ষে ৫-১ ব্যবধানের জয় ব্রিস্টল সিটির। মিলওয়ালকে ৫-১-এ হারিয়েছে বার্নলি। বোরহ্যাম উড এফসির বিপক্ষে ৫-০ গোলের জয় বোরটনের। টটেনহ্যামকে ২-১ গোলে হারায় অ্যাস্টন ভিলা। ক্যামব্রিজ ইউনাইটেডের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে বার্মিংহ্যাম সিটি এফসি। ওয়েস্টন-সুপার-মেরে এএফসির বিপক্ষে ৩-২ গোলের জয় গ্রিমসবি টাউন এফসির।