আদ্-দ্বীন মেডিক্যাল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম
Printed Edition
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত আদ্-দ্বীন উইমেন্স মেডিক্যাল কলেজ, আদ্-দ্বীন মোমিন মেডিক্যাল কলেজ এবং ব্যারিস্টার রফিক-উল হক মেডিক্যাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন এমবিবিএস শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আয়োজনে জুম প্লাটফর্মে দেশের সব সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন এমবিবিএস শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন।
পরে আদ্-দ্বীন মেডিক্যাল কলেজের ব্যারিস্টার রফিক-উল হক অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. আনোয়ার হোসেন মুন্সি। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (শৃঙ্খলা) অধ্যাপক ডা: মোস্তাহিদ মো: হাসান।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীর উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন আদ্-দ্বীন উইমেন্স মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মাহমুদা হাসান। এ সময় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা: মাজহারুল ইসলামসহ আদ্-দ্বীন মেডিক্যাল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা
অধ্যাপক ডা: আনোয়ার হোসেন মুন্সি বলেন, মেডিক্যালে পড়ালেখা হলো নিয়মিত লেগে থাকার গল্প। তুমি যদি প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেক দিন পড় তবে তুমি সফল হবে। মেডিক্যালের পড়াটাকে এনজয় করতে হবে। মেডিক্যাল কলেজ হলো মানুষ তৈরির কারখানা। এই কারখানা থেকে ভালো ডাক্তারের পাশাপাশি ভালো মানুষ হতে হবে।
অধ্যক্ষ অধ্যাপক ডা: মাহমুদা হাসান বলেন, নবীনবরণ অনুষ্ঠান তোমাদের জন্য একটি স্মরণীয় দিন। এমবিবিএস পড়ার মাধ্যমে তোমরা তোমাদের বডির ইঞ্জিনিয়ার হতে যাচ্ছ। ডাক্তারি একটি মহৎ পেশা। এর মাধ্যমে মানবসেবার সুযোগ পাওয়া যায়। তাই ভালো ডাক্তার হয়ে নিজেকে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত রাখতে হবে।
উল্লেখ্য, আদ্-দ্বীন উইমেন্স মেডিক্যাল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মোট ১০০ জন ছাত্রী ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৭৩ জন দেশী ও ২৭ জন বিদেশী শিক্ষার্থী। বিজ্ঞপ্তি।