হালদার প্রজনন পরিবেশ সুরক্ষায় মৎস্য দফতরের বিশেষ অভিযান
Printed Edition
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীর প্রাকৃতিক মা-মাছের প্রজনন পরিবেশ রক্ষায় উপজেলা মৎস্য দফতর বিশেষ অভিযান পরিচালনা করেছে। গত রোববার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের নির্দেশনায় উপজেলার উত্তর অঞ্চলে দু’টি পৃথক ইউনিটে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে পাইন্দং ও ভুজপুর ইউনিয়নের হালদা নদীর অববাহিকা এলাকা থেকে নিষিদ্ধ ও ক্ষতিকর মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে, একটি কারেন্ট জাল (দৈর্ঘ ২৫০ মিটার), একটি চরঘেরা জাল (দৈর্ঘ ১২০ মিটার), ১৪টি হাত বড়শি, আনুমানিক ৪০০টি লং লাইনার বড়শি।
অভিযানটির নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম। পরে উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে জব্দকৃত জাল ও নিষিদ্ধ সরঞ্জাম পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জানান, ‘দেশের একমাত্র প্রাকৃতিক মা-মাছের প্রজনন ক্ষেত্র হালদা নদীকে অবৈধ মাছ শিকার ও ধ্বংসাত্মক জালমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।’