যুক্তরাষ্ট্র থেকে ফিরে ব্যস্ত স্বচ্ছ
Printed Edition
বিনোদন প্রতিবেদক
শিশুশিল্পী হিসেবে অভিনয় করেই ছোট্টবেলায় ভীষণ সাড়া ফেলেছিলেন মো: সাইফ খান স্বচ্ছ। অবশ্য তাকে সবাই স্বচ্ছ নামেই চিনে দেশের মধ্যেই স্কুল কলেজের পড়াশোনা শেষ করে তিনি এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। সেখানে একটি কলেজে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিষয়ে পড়াশোনা করছেন। ছুটিতে কিছু দিন আগে তিনি দেশে এসেছেন। দেশে আসার পর যারা মূলত স্বচ্ছকে চেনেন জানেন, তারাই তার সাথে যোগাযোগ করছেন তাকে নিয়ে নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য। এরই মধ্যে স্বচ্ছ মো: সামছুল হুদার সাথে বেশ কয়েকটি নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। কিছু দিনের মধ্যেই স্বচ্ছ নাটক ও চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেবেন। এছাড়াও ফটোগ্রাফার আলিফ রিফাত প্রথমবারের মতো নাটক নির্মাণ করতে যাচ্ছেন। তার নির্দেশনাতেও স্বচ্ছ অভিনয় করতে যাচ্ছেন বলে জানান। স্বচ্ছ বলেন, ‘ছুটিতে দেশে এসেও কিছু কাজ হাতে নিয়েছি। কাজগুলো পরিকল্পনা অনুযায়ী সময় নিয়ে শেষ করা হবে। তবে দেশে আসার পর এখনো আমাকে অনেকে মনে রেখেছেন, এটাই আমার অনেক ভালোলাগার বিষয়। আগামীতে আরো ভালো কাজ করে দর্শকের ভালোবাসা পেতে চাই। যুক্তরাষ্ট্রে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিষয়ে ভালোভাবে পড়াশোনা শেষ করতে চাই।’ ২০১৩ সালে কাজী মোরশেদ পরিচালিত ‘একই বৃত্তে’ সিনেমাতে অভিনয়ের জন্য শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন স্বচ্ছ। এছাড়াও স্বচ্ছ তার অভিনয় দিয়ে মুগ্ধ করেছিলেন দর্শককে ‘একাত্তরের খুদিরাম’, ‘মুক্তি’, ‘একাত্তরের খণ্ডগল্প’ সিনেমাতে অভিনয় করে। একজন শিশুশিল্পী হিসেবে ভীষণ জনপ্রিয় ছিলেন স্বচ্ছ। শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। বলা যায় প্রায় সব নাটকেরই কেন্দ্রীয় চরিত্রে তিনি অভিনয় করেছেন।
যার মধ্যে বিশেষত উল্লেখযোগ্য হলো- ‘ভূতের বাচ্চা সোলায়মান’, ‘ছুটি’, ‘বলাই’, ‘সাতকাহন’ ইত্যাদি। দেশের প্রথিতযশা বহু শিল্পীর সাথে অভিনয় করার সৌভাগ্য হয়েছে তার। গ্রামীণফোন, প্রিয়প্রাঙ্গণসহ আরো বেশি কিছু প্রতিষ্ঠানের বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন স্বচ্ছ। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি, বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করার পর স্বচ্ছ দেশের বাইরে চলে যান পড়াশোনা করতে।