নৌবাহিনীর অভিযানে জ্বালানি মজুদদার আটক
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
কৃত্রিম জ্বালানি সঙ্কট ও মজুদের অভিযোগে একজনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত মঙ্গলবার রাতে নোয়াখালী জেলার হাতিয়া তমুরদ্দি বাজারে বেলায়েত মটর পার্টস নামে একটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে মজুদকৃত ৮ ড্রাম অর্থৎ ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, নৌবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে হাতিয়া বেলায়েত মটর পার্টস প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে জ্বালানি মজুদের দায়ে একজনকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত ডিজেল ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।