কুরআনের আদর্শ ছাড়া দেশ ও জাতি গঠন সম্ভব নয় : আইআইইউসি ভিসি
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, কুরআনের আদর্শবর্জিত সমাজ বা শিক্ষাপ্রতিষ্ঠান দিয়ে দেশপ্রেমিক ও শুদ্ধ নাগরিক গড়ে তোলা সম্ভব নয়। গত বুধবার বিশ্ববিদ্যালয় আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. আজাদী বলেন, ‘জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে আদর্শ নাগরিক তৈরির লক্ষ্যেই ১৯৯৫ সালে আইআইইউসি প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে কুরআন ও বিজ্ঞানের আলোকে শিক্ষার্থীদের দক্ষ ও বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তোলা অপরিহার্য।’ তিনি আরো যোগ করেন, কুরআনের শিক্ষা মানুষকে সত্য প্রকাশে নির্ভীক এবং মানবকল্যাণে নিবেদিত হতে শেখায়।
প্রতিষ্ঠানের অর্জন তুলে ধরে উপাচার্য জানান, বাংলাদেশের ছয়টি ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে আইআইইউসি প্রথম এবং বিশ্বের ২৮টি ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৪তম অবস্থানে রয়েছে। এ ছাড়া ২০২৪ সালের সিমাগো র্যাংকিংয়ে এটি দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে। বর্তমানে ৫০ একর নিজস্ব ক্যাম্পাসে ১২ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশী ছাত্র রয়েছে।
বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলামের মুনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর আহসান উল্লাহ, প্রোভিসি প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং রেজিস্ট্রার কর্নেল (অব:) মোহাম্মদ কাসেম।