রমজানে সিলেটে ইফতার থেকে ভোর পর্যন্ত উচ্চস্বরে গান-বাদ্য নিষিদ্ধ

Printed Edition

সিলেট ব্যুরো

জনশৃঙ্খলা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে পবিত্র রমজান মাসজুড়ে সিলেট মহানগরী এলাকায় ইফতারের পর থেকে ভোর পর্যন্ত উচ্চস্বরে গান ও বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

গত শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে এসএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়, রমজান মাসে নগরবাসীর নির্বিঘœ ইবাদত ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মোটরসাইকেলের সাইলেন্সার পরিবর্তন করে অতিরিক্ত শব্দ সৃষ্টি করা থেকে বিরত থাকতে হবে। একই সাথে কেউ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যাতে সঙ্ঘাত সৃষ্টি করতে না পারে সেই দিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের অপ্রয়োজনে ঘোরাফেরা থেকে বিরত থাকতেও অনুরোধ করা হয়েছে।

এসএমপি জানায়, জনস্বার্থে জারি করা এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধার্থে তৈরী পোশাক ও বিপণিবিতান বন্ধ রাখার পূর্বনির্ধারিত সময়সূচি প্রত্যাহার করা হয়েছে। ফলে নির্দিষ্ট সময়সীমার বাধ্যবাধকতা ছাড়াই দোকান খোলা রাখা যাবে।

এছাড়া নগরীর প্রধান সড়ক ও মার্কেটের সামনে ফুটপাথ অবশ্যই হকারমুক্ত রাখতে নির্দেশ দেয়া হয়েছে। কোনো দোকান বা মার্কেটের সামনে হকার বসতে দেখা গেলে সংশ্লিষ্ট হকার ও দোকান মালিক- উভয়ের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানো হলে পুলিশ কল সেন্টারের ০১৩৩৯৯১১৭৪২ নম্বরে অভিযোগ জানাতে অনুরোধ করা হয়েছে। একই নম্বরে যোগাযোগ করে নগদ অর্থ বহনের ক্ষেত্রে পুলিশি সহায়তাও নেয়া যাবে। পাশাপাশি ‘জিনিয়া’ অ্যাপ ব্যবহার করেও সেবা গ্রহণের সুযোগ রয়েছে বলে জানানো হয়।