মাধ্যমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকেরা তাদের কর্মবিরতি সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছেন। ফলে আজ থেকে বার্ষিক পরীক্ষা চলবে।
আর্থিক সুবিধা, পদোন্নতিসহ চার দফা দাবিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা আন্দোলন করছেন। সোমবার থেকে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে এ কর্মসূচি শুরু হয়েছিল। ফলে ঢাকাসহ দেশের অধিকাংশ বিদ্যালয়ে গত দুই দিন বার্ষিক পরীক্ষা হয়নি।
সংশ্লিষ্ট একাধিক সূত্রমতে, মূলত পুরনো সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পরীক্ষা হয়নি। বার্ষিক পরীক্ষার মধ্যে কর্মবিরতির কারণে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তবে গত রাতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবে ব্যাহত না হয়, বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে।