মানারাত কলেজে দুই দিনব্যাপী স্টেম ফেস্ট অনুষ্ঠিত
Printed Edition
মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (এমডিআইসি) উদ্যোগে এবং মানারাত সায়েন্স ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী ‘এমডিআইসি স্টেম ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (ঝঞঊগ) শিক্ষাকে বাস্তবমুখী ও আকর্ষণীয় করে তুলতে এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
গতকাল অনুষ্ঠিত হয় ফেস্টের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্ব। দুপুরে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এর প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: এনামুল হক।
কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল স, ম, মাহবুব-উল-আলমের, সভাপতির বক্তব্যে বলেন, বৈজ্ঞানিক অনুসন্ধান কখনোই ইসলামী বিশ্বাসের পরিপন্থী নয়; বরং এটি স্রষ্টার নিদর্শন অনুধাবনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি চিকিৎসাবিদ্যা, গণিত ও বীজগণিতসহ বিভিন্ন ক্ষেত্রে মুসলিম মনীষীদের ঐতিহাসিক অবদান স্মরণ করে শিক্ষার্থীদের সেই গৌরবময় উত্তরাধিকার পুনরুদ্ধারের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মাদ আনোয়ারুল করীম। উপাধ্যক্ষ তাহমীনা ইয়াসমিন, বালিকা ও বালক শাখার কো-অর্ডিনেটর তাহমিনা আখতার ও এমএ মহসিন কোরেশী, আয়োজক কমিটির আহ্বায়ক ড. মো: মাকসূদুল আলম ও রোখসানা খানম প্রমুখ। আয়োজকরা জানান, এমডিআইসি স্টেম ফেস্ট শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যৎ গবেষক ও উদ্ভাবক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠান শেষে বিভিন্ন অলিম্পিয়াড, রোবোটিক্স প্রতিযোগিতা, প্রজেক্ট ডিসপ্লে ও অন্যান্য ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ধন্যবাদ জ্ঞাপন ও ফটোসেশনের মাধ্যমে দিনের কর্মসূচি শেষ হয়। বিজ্ঞপ্তি।