রেস্টোরেশন ফ্যাক্টরি বাংলাদেশ-২০২৫ শেষ হয়েছে
Printed Edition
আইডিই বাংলাদেশ বাস্তবায়িত এবং জাতিসঙ্ঘের পরিবেশ কর্মসূচি (UNEP) ও ব্রিজ ফর বিলিয়নসের সহযোগিতায় রেস্টোরেশন ফ্যাক্টরি বাংলাদেশ-২০২৫ প্রোগ্রামের সমাপনী গত ৯ ডিসেম্বর ঢাকায় জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে।
এ বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৫০ জন প্রারম্ভিক পর্যায়ের সবুজ উদ্যোক্তা এতে অংশ নেন। তারা নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু-সহনশীল কৃষি, বর্জ্য ব্যবস্থাপনা ও সার্কুলারিটি, পানি ও স্যানিটেশন, প্রাকৃতিক সমাধান, টেকসই বনব্যবস্থা, সবুজ উৎপাদন এবং পরিবেশবান্ধব ভোক্তা পণ্যের মতো বিভিন্ন খাতের প্রতিনিধিত্ব করেন।
নয় মাসব্যাপী এই যাত্রায় উদ্যোক্তারা কাঠামোগত ব্যবসা ইনকিউবেশন, বিশেষজ্ঞ সেশন, জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মেন্টরশিপ এবং সক্ষমতা উন্নয়ন সহায়তা পেয়েছেন। প্রোগ্রামটি জলবায়ু-স্মার্ট ব্যবসা মডেল শক্তিশালী করা, বিনিয়োগ প্রস্তুতি বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উদ্ভাবনকে স্কেল-আপের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তার ওপর গুরুত্ব দিয়েছে।
সমাপনী অনুষ্ঠানে ১৭ জন উদ্যোক্তাকে নির্বাচিত করে বিশেষজ্ঞ জুরির সামনে তাদের উদ্ভাবনী সমাধান উপস্থাপনের সুযোগ দেয়া হয়। তাদের মধ্যে চারজনকে পরিবেশগত প্রভাব, সামাজিক প্রভাব, উদ্ভাবন ও প্রযুক্তি, এবং নারী উদ্যোক্তা অব দ্য ইয়ার- এই চারটি ক্যাটেগরিতে দুই হাজার মার্কিন ডলার করে অনুদান দেয়া হয়।
অনুষ্ঠানে অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, UNEP-এর প্রতিনিধি এবং দেশের উদ্যোক্তা ইকোসিস্টেমের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।