এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

সময় বাড়ল ১৫ মিনিট আগ্রহ বেশি মেয়েদের

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

শুধু ভালো ফলাফলেই মেয়েরা এগিয়ে থাকছে না বরং চিকিৎসা পেশাতেও তাদের আগ্রহ বেশি। প্রতি বছর মেডিক্যালে ভর্তি পরীক্ষার আবেদনেও মেয়েদের অংশগ্রহণ বেশি। এ বছর দেখা গেছে, মোট আবেদনের মধ্যে মেয়েদের সংখ্যা ছেলেদের তুলনায় অনেক বেশি। সূত্র জানায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ ডিসেম্বর। এ বছর সরকারি-বেসরকারি মিলিয়ে ১৩ হাজার ৫১টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১ লাখ ২২ হাজার ৬৩২টি।

আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে ছেলে ৪৯ হাজার ২৮ জন; মেয়ে ৭৩ হাজার ৬০৪ জন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিক্যাল কলেজগুলোতে আসন সংখ্যা ৫,৬৪৫; যার মধ্যে এমবিবিএস ৫,১০০ এবং বিডিএস ৫৪৫। বেসরকারি মেডিক্যাল কলেজগুলোতে আসন সংখ্যা ৭,৪০৬; যার মধ্যে এমবিবিএস ৬,০০১ এবং বিডিএস ১,৪০৫। অর্থাৎ সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ মিলিয়ে মোট আসন ১৩,০৫১; যার মধ্যে এমবিবিএস কোর্সে ১১,১০১ এবং বিডিএস কোর্স ১,৯৫০টি আসন।

গতকাল মঙ্গলবার সরকারি-বেসরকারি মেডিক্যাল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে বলা হয়, এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর সকাল ১০টায় দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেনুতে অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রের ভেতরে কোনো ব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ যেকোনো ইলেকট্রনিক সামগ্রী, ঘড়িসহ অন্য কিছু নিয়ে কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। সকাল ৯টা ৩০ মিনিটে পরীক্ষা কেন্দ্রের প্রবেশপথ বন্ধ হয়ে যাবে।

এতে আরো বলা হয়, এ বছর লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্নের (এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী) প্রতিটি ১ নম্বর করে মোট ১০০ (একশত) নম্বরের বিষয়ভিত্তিক বিভাজন যথাক্রমে জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থ বিজ্ঞান-১৫, ইংরেজি-১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়ন-১৫। পাস মার্ক নির্ধারণ করা হয়েছে ৪০ নম্বর। পরীক্ষার সময় গত বছরের তুলনায় ১৫ মিনিট বাড়িয়ে ১ ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে। লিখিত ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।