সংক্ষিপ্ত সংবাদ
Printed Edition
শিশুহত্যা : বাবা ও সৎ মা গ্রেফতার
ময়মনসিংহের ত্রিশালে তিন বছরের শিশু লাবিবকে হত্যা করে রাস্তার পাশে লাশ ফেলে রাখার ঘটনায় ঘাতক পিতা সোহাগ মিয়া ও তার স্ত্রী জাকিয়া আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় উপজেলার রায়ের গ্রাম এলাকায় রাস্তার পাশ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জেরে শিশুটির মা লামিয়া তার বাবার বাড়িতে বসবাস করছিলেন। ঘটনার দিন দুপুরে সোহাগ মিয়া শ্বশুরবাড়িতে গিয়ে লাবিবকে নিয়ে যান। পরে সন্ধ্যায় শিশুটিকে নানার বাড়িতে রেখে যাওয়ার কথা থাকলেও তার পরিবর্তে শিশুটির মরদেহ উদ্ধার হয়। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে গতকাল গফরগাঁও উপজেলার যশোরা ইউনিয়নের বাখুরা গ্রাম থেকে সোহাগ মিয়া (৩০) ও জাকিয়া আক্তারকে (২৮) গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ মিয়া স্বীকার করেছেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী তিনি নিজেই সন্তানের গলা টিপে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যান। এ ঘটনায় শিশুটির মা লামিয়া বাদি হয়ে ত্রিশাল থানায় সোহাগ মিয়া ও সৎ মা জাকিয়া আক্তারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। ময়মনসিংহ অফিস।
মোহনগঞ্জ সরকারি রাস্তার ইট লুট
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গজধার গ্রামে সরকারি রাস্তার ইট লুটপাট করে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এডিপির অর্থায়নে নির্মিত প্রায় ১০০ ফুট রাস্তার ইট তুলে নিয়ে বিক্রি করা হয়েছে। সরেজমিনে জানা যায়, পার্শ্ববর্তী ধুলিয়া গ্রামের নুরুল আমিন আকন্দ প্রায় সাত হাজার ইট উত্তোলন করে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করেন। স্থানীয় বাসিন্দা ইদ্রিস মিয়া জানান, প্রায় এক সপ্তাহ আগে নুরুল আমিন শ্রমিক দিয়ে রাস্তার ইট তুলে নেন। কিছু ইট বিক্রি করা হলেও বেশির ভাগ ইট তার বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় জড়িত শ্রমিকদের একজন কালা বর্মন জানান, তিনি, সুবোধ বর্মন, অনিল বর্মন, মায়ারানি ও সুনিতা বর্মন- প্রতিদিন ৫০০ টাকা মজুরিতে দুই দিন কাজ করে ইটগুলো উত্তোলন করেন। তার ধারণা অনুযায়ী, তারা চার থেকে পাঁচ হাজার ইট উত্তোলন করেছেন। তিনি আরো জানান, নুরুল আমিন ৩০০ ইট আলম নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেন। গজধার গ্রামের সংরক্ষিত আসনের মহিলা সদস্য ফাতেমা আক্তার বলেন, ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। বিষয়টি জানার পর তিনি ফোনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করেন। ইট ক্রেতা আলম জানান, তিনি নুরুল আমিনের কাছ থেকে ৩০০ ইট ক্রয় করেছেন। এ দিকে অভিযুক্ত নুরুল আমিন ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন, রাস্তার ইট বিক্রি করা তার ভুল হয়েছে। মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা।
চৌদ্দগ্রামে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস
কুমিল্লার চৌদ্দগ্রামে কৃষি পাম্প নিয়ে দ্বন্দ্বের জেরে ১৪ শতক জমির সরিষা ও ১৮ শতক জমির বীজতলা ধ্বংসের অভিযোগ করেছেন মন্তাজ উদ্দিন নামে এক কৃষক। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাহেরগড়া মৌজায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সরেজমিন ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করে এ চিত্র দেখা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাহেরগড়া গ্রামের কৃষক মন্তাজ উদ্দিন নিজের ডিপ শ্যালো মেশিনের মাধ্যমে দীর্ঘ দিন ধরে বাহেরগড়া ও সলাকান্দি এলাকার কৃষি জমিতে পানি দিয়ে আসছেন। একই এলাকার কৃষি জমিতে আরেকটি ডিপ শ্যালো মেশিন পরিচালনা করেন একই গ্রামের ফরিদ উদ্দিন নামের আরেক কৃষক। কয়েক মাস আগে মন্তাজ উদ্দিনের মেশিনের সব তার চুরি করে নিয়ে যায় চোরচক্র। এ সুযোগে ফরিদ উদ্দিন মন্তাজ উদ্দিনের শ্যালো মেশিনের আওতাধীন কৃষি জমিতে পানি দেয়া শুরু করেন। কিছু দিনের মধ্যে মন্তাজ উদ্দিন আবারো শ্যালো মেশিন চালু করে পানি সেচ দেয়া শুরু করেন। এতে ফরিদ উদ্দিন ক্ষিপ্ত হয়ে মন্তাজ উদ্দিনের ব্যক্তিগত ১৪ শতক জমির সরিষা ফসলে পানি দেয়। অতিরিক্ত পানি প্রদানের ফলে সরিষাগুলো একেবারেই নষ্ট হয়ে যায়। চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা।
তামাক নিয়ন্ত্রণ আইন পাসের দাবি
তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ দ্রুত সংসদে আইন হিসেবে পাসের দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে বরিশাল নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হল চত্বরের সামনে সিটিজেনস ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রবীণ নারী নেত্রী ও শিক্ষাবিদ প্রফেসর শাহ শাজেদার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, উইমেন চেম্বার অব কমার্সের পরিচালক রেবেকা সুলতানা, আইসিডিএর নির্বাহী পরিচালক কাজী নওশাদ রাসেল, এসইউভিওর নির্বাহী পরিচালক হাসিনা বেগম নীলা, আরোহীর নির্বাহী পরিচালক এ টি এম খোরশেদ আলম, শিশু সংগঠক আখতারুল কবীর এবং সংস্কৃতিকর্মী মো: শামীম হাওলাদার প্রমুখ। বরিশাল ব্যুরো।
মুন্সীগঞ্জে বিদেশী পিস্তল উদ্ধার
মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল অভিযান চালিয়ে টংগীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের হাটখান এলাকায় এ অস্ত্র উদ্ধার করা হয়। জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার মো: মেনহাজুল আলম (পিপিএম)-এর নির্দেশনায় ডিবির এসআই (নিঃ) পলাশ কান্তি রায়ের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সাবেক ইউপি সদস্য ইয়ারব হাওলাদারের বাড়ির পশ্চিম পাশে একটি পুকুরপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রের প্রকৃত মালিককে শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। মুন্সীগঞ্জ প্রতিনিধি।
দেবীগঞ্জে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
পঞ্চগড়ের দেবীগঞ্জে র্যাব-১৩-এর একটি বিশেষ অভিযানে ভারত পাচারের উদ্দেশ্যে রাখা একটি প্রাচীন কালো কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সুজন মহন্ত (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারীর ওয়ারেন্ট অফিসার রোকন উদ্দীন জানান, গত বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের খগেরহাট, ধনমণ্ডল এলাকায় সুজন মহন্ত একটি প্রাচীন বিষ্ণু মূর্তি ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি ৩১ ইঞ্চি দৈর্ঘ্য, ১৩ ইঞ্চি প্রস্থ এবং প্রায় ২৯ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৭ লাখ টাকা। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, দণ্ডপাল ইউনিয়নের খগেরহাট এলাকার ভেকুচালক সুরুজ আলীর ছেলে চান মিয়া (৩৬) মাটির নিচ থেকে মূর্তিটি উদ্ধার করেন। দীর্ঘদিন ধরে তিনি অনুপস্থিত থাকায় মূর্তিটি বিক্রির দায়িত্ব দেন সুজন মহন্তকে। পরে র্যাবের নজরদারিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত মূর্তিটি কান্তনগর প্রতœতাত্ত্বিক জাদুঘর, কাহারোল, দিনাজপুর কর্তৃক যাচাই করা
হয়েছে। দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা।
পুলিশের কারে ধাক্কা, চালককে মারধর
পুলিশ সদস্যের প্রাইভেট কারে ধাক্কা লাগায় মোটরসাইকেল চালককে তুলে এনে মারধরের অভিযোগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় পীরগঞ্জ পৌর শহরের জোড়া কবর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পীরগঞ্জ থেকে দিনাজপুরের বোচাগঞ্জে একটি ফিলিং স্টেশনে তেল নিতে যাওয়ার পথে সোহেল নামের এক পুলিশ সদস্যের ব্যবহৃত প্রাইভেট কারের সাথে সুমন নামের এক মোটরসাইকেল চালকের ধাক্কা লাগে। এ ঘটনায় উভয়ের মধ্যে বাগি¦তণ্ডা শুরু হয়। ঘটনার এক পর্যায়ে পুলিশ সদস্য সোহেল সুমনকে প্রাইভেট কারে তুলে পীরগঞ্জে নিয়ে যান এবং একটি অজ্ঞাত স্থানে আটকে রেখে তাকে মারধর করেন। এ সময় তার সাথে ছিলেন তার শ্যালক শরীফ। সংঘর্ষে পুলিশ সদস্য সোহেল, শরীফ, আরাফাত, রুবেলসহ সমন্বয়ক ফয়সাল, আকাশ, সুমন ও রায়হানসহ প্রায় ১৫ জন আহত হন। এদের মধ্যে ফয়সালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা।