একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে : সেনাপ্রধান

Printed Edition
back-5
সাভারে আরভিঅ্যান্ডএফ কোরের অধিনায়ক সম্মেলনে বক্তব্য দেন জেনারেল ওয়াকার-উজ-জামান : আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আরভিঅ্যান্ডএফ কোরের সদস্যদের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশের সেবায় একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে।

গতকাল সাভারে অবস্থিত রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিঅ্যান্ডএফ) ডিপোতে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনীর আরভিঅ্যান্ডএফ কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্যনিরাপত্তা রক্ষায় এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। বক্তব্যের শুরুতেই তিনি স্মরণ করেন মহান স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান সাভারের আরভিঅ্যান্ডএফ ডিপোতে পৌঁছালে আরভিঅ্যান্ডএফ কোরের নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; আরভিঅ্যান্ডএফসি কোরের নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট ও জিওসি ৯ পদাতিক ডিভিশন; সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা; জুনিয়র কমিশন্ড অফিসার : অন্যান্য পদবির সেনাসদস্য এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোরের তৃতীয় ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত হন জিওসি ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া মেজর জেনারেল এস এম আসাদুল হক। সাভারে অবস্থিত রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম ডিপোর প্যারেড গ্রাউন্ডে সামরিক রীতি ও ঐতিহ্য মেনে এ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে আরভিঅ্যান্ডএফ কোরের জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে গৌরবমণ্ডিত ‘কর্নেল কমান্ড্যান্ট র‌্যাংক-ব্যাজ’ পরিয়ে দেন।