রাজধানীতে পৃথক ঘটনায় ৫ জনের লাশ উদ্ধার

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, পুরানা পল্টন লেন, হাজারীবাগ, ঢাকা মেডিক্যাল এলাকা ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পৃথক ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহিদ হাসান নিরব জানান, পুরানা পল্টন লেন নুরুল টাওয়ারের একটি রুমে মো: জুবায়ের আহমেদ (২২) এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাবুর্চির কাজ করতেন। আমরা তার সহকর্মীর কাছে থেকে জানতে পেরেছি এক বছর আগে তিনি ইশা খাতুন নামের এক মেয়েকে বিয়ে করেন। গতকাল রুমে রান্না করার সময় তার স্ত্রীর সাথে মোবাইলে ভিডিওকলে কথা বলার সময় তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ভিডিও কলে রেখে সিলিংফ্যানের সাথে গলায় ফাঁস দেয়।

এদিকে হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুমন জানান, হাজারীবাগ থানার সোনা গড় এলাকার একটি বাসা থেকে লামিয়া আক্তার (১৯) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী বিউটি পার্লারে কর্মচারী ছিলেন। তার স্বামীর সাথে কথা বলে জানতে পারি, পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর অভিমানে লামিয়া নিজ রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে সিলিংফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে থাকলে স্বামী দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

অন্যদিকে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান জানান, সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালীমন্দির শাপলা পুকুর দক্ষিণ পাড়ের ফুটপাথ থেকে মোহাম্মদ হাবিব (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত পেশায় দিনমজুর। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত হাবিবের গ্রামের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার কাজিরহাট গ্রামে মো: শামসুল হকের ছেলে।

এ ছাড়াও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ জানান, ঢাকা মেডিক্যালে বহির্বিভাগে এক্সরে রুমের সামনে থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে মৃত অবস্থায় পায়, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মোহাম্মদ হাসান আলী (৬১) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। কারারক্ষী মোহাম্মদ সুজন জানান, গত ৬ তারিখে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা কারা কর্তৃপক্ষে নির্দেশে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে এলে মেডিসিন বিভাগে ৫০১ নং ওয়ার্ডে ভর্তি দেয়া হয়। সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মোহাম্মদ হাসান আলী কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন কয়েদি নাম্বার ৯৭৮৪ /এ। তার বাবার নাম মৃত মুসলে উদ্দিন।