মতলবে পরকীয়ার জেরে শাশুড়ি হত্যা, পুত্রবধূ ও প্রেমিক গ্রেফতার

Printed Edition

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়নের নতুন হাপানিয়া গ্রামে প্রবাসীর বাড়িতে বৃদ্ধা পারুল বেগম (৭০) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। পরকীয়ার জেরে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার পুত্রবধূ হালিমা আক্তার (২৭) ও প্রতিবেশী আশরাফুল ইসলাম মিঠুকে (৩০) গ্রেফতার করা হয়েছে।

গতকাল রোববার দুপুরে মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবির হুসনাইন সানীব ও তদন্ত পরিদর্শক প্রদীপ মণ্ডল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তারা বলেন, গত শুক্রবার রাত থেকে শনিবার বেলা ১১টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটে। প্রথমে ঘটনাটি ডাকাতি বলে ধারণা করা হলেও তদন্তে পরকীয়া-সম্পর্কিত পরিকল্পিত হত্যার তথ্য পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে দু’জনই হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।

পুলিশের ভাষ্য, প্রায় আট মাস আগে ইতালি প্রবাসী নুর ইসলামের স্ত্রী হালিমা আক্তার প্রতিবেশী অবিবাহিত যুবক মিঠুর সাথে সম্পর্কে জড়ান। অভিযোগ অনুযায়ী, ২৭ ফেব্রুয়ারি রাতে হালিমার সহযোগিতায় পারুল বেগমকে ঘুমের ওষুধে অচেতন করে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার নেয়া হয়। ঘটনাকে ডাকাতি হিসেবে দেখাতে পরে হালিমার হাত-পা বেঁধে রাখা হয়। নিহতের মেয়ে নুরুন্নাহার বেগম মতলব উত্তর থানায় হত্যা ও দস্যুতা মামলা করেছেন।