ব্রিটেনে রেকর্ড চার লাখ ক্যান্সার রোগী শনাক্ত
Printed Edition
স্কাই নিউজ
ব্রিটেনে প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা চার লাখ ছাড়িয়েছে, যা দেশটিতে অতীতের সব রেকর্ড ভেঙেছে। সম্প্রতি প্রকাশিত একটি খবরে এই তথ্য উঠে এসেছে। নতুন এই পরিসংখ্যান দেশটির স্বাস্থ্য ব্যবস্থার ওপর ক্রমবর্ধমান চাপের বিষয়টি স্পষ্ট করছে।
ক্যান্সার রিসার্চ ইউকের দেয়া তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি বছর দেশটিতে চার লাখ তিন হাজারের বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এর মানে হলো, প্রতিদিন গড়ে এক হাজার ১০০ জন এবং প্রতি ৮০ সেকেন্ডে একজন নতুন করে এই রোগে আক্রান্ত হচ্ছেন। ব্রিটেনের বয়স্ক ও ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে এই রোগের প্রকোপ ব্যাপকভাবে বাড়ছে। এর পাশাপাশি মানুষের স্থূলতা এবং তামাকের অব্যাহত ব্যবহারও বড় কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। শুধু ধূমপানের কারণেই প্রতি বছর প্রায় ৫৭ হাজার ৭০০ মানুষ ক্যান্সারে আক্রান্ত হন। আগের তুলনায় রোগীদের বেঁচে থাকার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে আক্রান্তদের প্রায় অর্ধেকই রোগ নির্ণয়ের পর অন্তত ১০ বছর বেঁচে থাকার আশা করতে পারেন।