লালমনিরহাট সীমান্তে হত্যায় বিএসএফের দুঃখ প্রকাশ

Printed Edition

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশী এক নাগরিক নিহত হওয়ার ঘটনায় ছয় দিন পর পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনাকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

গত বুধবার বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত জগতবেড় ইউনিয়নের নাজিরগোমানী এলাকার ব্রিটিশ সড়কের কাছে বাংলাদেশ অংশে প্রায় ১০০ গজ ভেতরের জায়গায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্র জানায়, ৪ ডিসেম্বর রাতে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত হওয়ার প্রেক্ষাপটে বিজিবি ব্যাখ্যা দাবি করে বৈঠকের উদ্যোগ নেয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন রংপুর সেক্টর কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান। ভারতের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন গোপালপুর সেক্টর কমান্ডার ডিআইজি ডি এস রাঠোর।

আলোচনার একপর্যায়ে বিএসএফ প্রতিনিধিদল গুলিকাণ্ড নিয়ে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কঠোর সতর্কতা নেয়ার আশ্বাসও দেন তারা। বাংলাদেশের প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুমসহ অন্য কর্মকর্তারা।