প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের কাছে অর্থের চাইতে জীবনের মূল্য অনেক বেশি : প্রবাসী কল্যাণ সচিব

Printed Edition

বিশেষ সংবাদদাতা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এখন আমাদের জাতীয় অঙ্গীকার, জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে। প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী হিসেবে এই ইশতেহারের যে অংশটুকু এই মন্ত্রণালয়ের ক্ষেত্রে সম্পৃক্ত রয়েছে তার সফলভাবে বাস্তবায়ন করা আমাদের জন্য বাধ্যতামূলক।

গত বুধবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘নির্বাচনী ইশতেহার মতে, বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহ শ্রমিক বান্ধব করার প্রক্রিয়া ও করণীয় বিষয়ক’ অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, এ সরকারের ইশতেহার বাস্তবায়নে বিদেশস্থ বাংলাদেশে মিশনগুলো যেন আরো বেশি তৎপরতা বৃদ্ধি করে সেজন্য তাদেরকে উৎসাহিত করা হচ্ছে, তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

সচিব আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমাদের কাছে অর্থের চাইতে মানুষের জীবনের মূল্য হচ্ছে সবচেয়ে বেশি। সুতরাং পরিস্থিতি যেখানে যাই ঘটুক না কেনো যত টাকা-পয়সাই লাগুক না কেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে থাকা আমাদের প্রবাসী বাংলাদেশীদের বিপদ হতে উদ্ধারের ব্যবস্থা করা, তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা, প্রয়োজনে তাদেরকে দেশে প্রেরণের ব্যবস্থা করতে হবে। আর দুর্ভাগ্যবশত যদি কারো মৃত্যু হয় তাহলে সেই লাশ যত তাড়াতাড়ি সম্ভব দেশে পাঠানোর ব্যবস্থা করার জন্য সুস্পষ্ট নির্দেশনা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর। সে মোতাবেক যেন কর্মকর্তা-কর্মচারীরা কার্যক্রম গ্রহণ করেন। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।