শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন, থাকবে না দলীয় প্রতীক : এলজিইডি প্রতিমন্ত্রী

Printed Edition

রাজশাহী ব্যুরো

আইনি জটিলতা কাটিয়ে শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, এবারের নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক; এর পরিবর্তে ব্যবহার করা হবে সাধারণ প্রতীক। গতকাল বুধবার বিকেলে রাজশাহী সিটি করপোরেশনে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন শিগগিরই আয়োজন করতে সরকার আন্তরিক। তবে কিছু আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় সময় লাগছে। জাতীয় সংসদে সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো পাস হয়ে আইন আকারে কার্যকর হলেই দ্রুত নির্বাচন আয়োজন করা হবে।

তিনি জানান, অন্তর্বর্তী সরকার সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচন বাতিল করে প্রশাসক নিয়োগের বিধান করেছিল। একই সাথে দলীয় প্রতীক বাদ দিয়ে সাধারণ প্রতীকে নির্বাচনের প্রস্তাব করা হয়। এসব অধ্যাদেশ বর্তমানে সংসদের বিশেষ কমিটিতে রয়েছে।

মীর শাহে আলম বলেন, সংসদে অধ্যাদেশগুলো পাস হওয়ার পর আইন মন্ত্রণালয়ের ভ্যাটিং শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা নেয়া হবে। এক মাসের মধ্যেই এসব প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলেও আশা করা হচ্ছে।

এ সময় তিনি আরো বলেন, নির্বাচন না হওয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্ত প্রশাসকরাই দায়িত্ব পালন করবেন। তবে ওয়ার্ড কাউন্সিলরদের বিষয়ে প্রস্তাব এলে তা প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে প্রতিমন্ত্রী রাজশাহী সিটি করপোরেশনে পৌঁছলে কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। সেখানে নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে প্রতিমন্ত্রী : এ দিকে উপজেলা পরিষদ ও পৌরসভায় নতুন করে প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, শিগগিরই এসব প্রতিষ্ঠানে নির্বাচন আয়োজন করা হবে। গতকাল বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন এলাকায় একটি ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন, সেখানে দ্রুত নির্বাচন আয়োজন করা হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই ভবিষ্যতে এসব প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করবেন।

তিনি আরো জানান, প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি ব্রিজ অ্যাপ্রোচ সড়ক না থাকায় ব্যবহারযোগ্য হয়ে ওঠেনি। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দেয়া হয়। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যা দ্রুত সমস্যার সমাধানে কাজ করবে।

পরিদর্শনকালে স্থানীয় এমপি নুরুল ইসলাম বুলবুল, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ, সাবেক এমপি আমিনুল ইসলাম এবং জেলা প্রশাসক আবু সালেহ মুসাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।