ঝুঁকিতে ঢাকা-ময়মনসিংহ রেলপথ
ট্রেনের চাপ ও তাপে বাঁকা হয়ে যাচ্ছে রেললাইন
Printed Edition
মো: সাজ্জাতুল ইসলাম ময়মনসিংহ
ময়মনসিংহের সুতিয়াখালী এলাকায় রেললাইন হঠাৎ বাঁকা হয়ে পড়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। পরে প্রায় আড়াই ঘণ্টা মেরামত কাজের পর ট্রেন চলাচল স্বাভাবিক হলেও ঘটনাটি আবারো ঘটতে পারে বলে রেলপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
গত বুধবার (৪ মার্চ) বিকেল ৩টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। ঘটনার পরপরই রেলওয়ের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেরামত কাজ শুরু করেন। প্রায় আড়াই ঘণ্টা কাজ শেষে বিকেল সাড়ে ৫টার দিকে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
রেলওয়ের কর্মকর্তারা বলছেন, এই রেলপথের অনেক অংশের লাইন প্রায় ৭০ বছরের পুরনো। দীর্ঘদিন ব্যবহারের কারণে এসব লাইন দুর্বল হয়ে পড়েছে। তাপমাত্রা বৃদ্ধি এবং ট্রেন চলাচলে অতিরিক্ত চাপের কারণে অনেক সময় রেললাইন বিকৃত বা বাঁকা হয়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আক্তার হোসেন বলেন, ‘রেললাইনের পাতগুলো প্রায় ৭০ বছরের পুরনো। দীর্ঘদিন ধরে ট্রেন চলাচলের চাপ ও তাপমাত্রার প্রভাব পড়ে রেললাইন বাঁকা হয়ে যেতে পারে। বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই ঊর্ধ্বতন কর্তৃপকে জানানো হয়েছে। কিন্তু এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। দ্রুত এসব লাইন পরিবর্তন না করলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাবে।’
ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া জানান, ‘খবর পাওয়ার সাথে সাথেই রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মেরামত কাজ শুরু করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ব্যবহৃত পুরনো রেললাইন অতিরিক্ত তাপ ও ট্রেন চলাচলের চাপ সহ্য করতে না পেরে বাঁকা হয়ে লাইন থেকে সরে গেছে।’
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিন্টেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন বলেন, ‘রেললাইনের পাতগুলো অনেক পুরনো হওয়ায় সামান্য চাপেই লাইন বিকৃত হয়ে যায়। বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপকে জানানো হয়েছে। পুরনো রেললাইন পরিবর্তন না করা পর্যন্ত এ ধরনের সমস্যা দেখা দিতেই পারে।’
রেলপথ সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা-ময়মনসিংহ রুট দেশের অন্যতম ব্যস্ত রেলপথ। প্রতিদিন হাজারো যাত্রী এই পথে যাতায়াত করেন। পাশাপাশি নিয়মিত চলাচল করে পণ্যবাহী ট্রেনও। ফলে রেললাইনের যেকোনো ত্রুটি পুরো রেল যোগাযোগব্যবস্থায় প্রভাব পড়ে।
স্থানীয়দের মতে, সময়মতো রেললাইন সংস্কার ও প্রতিস্থাপন না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। নিরাপদ রেলযাত্রা নিশ্চিত করতে দ্রুত পুরনো রেললাইন পরিবর্তন ও রেলপথ আধুনিকায়নের দাবি জানিয়েছেন তারা।