অবসরে শাবিপ্রবির হিসাব পরিচালক
দীর্ঘদিনের সহকর্মীদের বিদায় আবেগঘন মুহূর্ত : ভারপ্রাপ্ত ভিসি
Printed Edition
সিলেট ব্যুরো
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. সাজেদুল করিম বলেছেন, দীর্ঘ সময় এক সাথে কাজ করা সহকর্মীরা অবসর নিয়ে বিদায় নিলে সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। যাদের সাথে কর্মজীবন শুরু হয়েছিল, আজ তাদের অনেকেই অবসর গ্রহণ করছেন- এটি আবেগঘন এক বাস্তবতা।
বুধবার রাত ১০টায় শাবিপ্রবির প্রশাসনিক ভবন-১ এর সভাকক্ষে হিসাব দফতরের আয়োজনে হিসাব পরিচালক সোহেল উদ্দিন আহম্মেদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভারপ্রাপ্ত ভিসি বলেন, সোহেল উদ্দিন আহম্মেদের লেখা নোট ছিল অত্যন্ত স্পষ্ট ও প্রাঞ্জল। তিনি একজন পরিশ্রমী ও আন্তরিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি বিদায়ী কর্মকর্তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বিভিন্ন কর্মসূচিতে সাবেক কর্মকর্তা-কর্মচারীদের আমন্ত্রণ জানানোর ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: ইসমাইল হোসেন বলেন, বিদায়ী কর্মকর্তা তার জীবনের গুরুত্বপূর্ণ সময় এই প্রতিষ্ঠানে ব্যয় করেছেন। তিনি কাজের প্রতি ছিলেন অত্যন্ত যতœশীল এবং সবসময় নিয়মের মধ্যে থেকে দায়িত্ব পালন করেছেন। আর্থিক শৃঙ্খলা ও স্বচ্ছতার ক্ষেত্রে তার ওপর পূর্ণ আস্থা রাখা যেতো। কোষাধ্যক্ষ বিদায়ী কর্মকর্তার সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির বলেন, দীর্ঘ কর্মজীবনে সোহেল উদ্দিন আহম্মেদ ছিলেন তার একজন বিশ্বস্ত পরামর্শদাতা, ঘনিষ্ঠ সহকর্মী ও প্রিয় বন্ধু। তিনি একজন পরোপকারী ও মানবিক মানুষ, যার কাছ থেকে তিনি বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ও সুচিন্তিত পরামর্শ পেয়েছেন। রেজিস্ট্রার বলেন, সোহেল উদ্দিন আহম্মেদ দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন।
অতিরিক্ত হিসাব পরিচালক মুর্শেদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হক, মহাবিদ্যালয় পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো: ইউনুস আলী, পরিকল্পনা ও উন্নয়ন দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) আহমদ মাহবুব ফেরদৌস এবং বর্তমান হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) মো: নাজমুল হুসেইন। প্রসঙ্গত, সোহেল উদ্দিন আহম্মেদ ১৯৯৪ সালের ২ আগস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসার হিসেবে যোগদান করেন।