মোস্তাফিজকে বাদ দেয়া ছিল বড় ভুল

Printed Edition
khela-2
মোস্তাফিজকে বাদ দেয়া ছিল বড় ভুল

ক্রীড়া প্রতিবেদক

বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভাব সবসময়ই অপরিসীম। সম্প্রতি বিশ্বকাপের ম্যাচ খেলতে বাংলাদেশের ভারতে না যাওয়ার প্রসঙ্গেও সেই প্রভাব দেখা গেছে। আইসিসির জরুরি বোর্ড সভায় গত ২১ জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে অর্থাৎ ভারতের পক্ষে গেছে ১৪ ভোট, বাংলাদেশের পক্ষে ছিল মাত্র ২ ভোট। বাংলাদেশের ভারতে না যাওয়ার ব্যাপারে বাংলাদেশ বাদে সমর্থন ছিল কেবল পাকিস্তানের। শেষমেশ বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ফেলেছে আইসিসি।

আইসিসির এমন সিদ্ধান্তে পক্ষে বিপক্ষে অনেক ধরনের আলাপই হচ্ছে। অন্য অনেক দেশ ভারতের পক্ষে রায় দিলেও ভারতীয় অনেকেও আইসিসির সিদ্ধান্তে দেখছেন ভারতীয় বোর্ডের প্রভাব। এ ছাড়া মোস্তাফিজ ইস্যু থেকেই সব কিছুর শুরু। তাই ফিজকে আইপিএল থেকে বাদ দেয়ার সিদ্ধান্তকে চরম ভুল মনে করেন ভারতীয় ক্রীড়া সাংবাদিক শারদা উগরা।

মোস্তাফিজকে আইপিএলের মিনি নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে টানে কলকাতা নাইট রাইডার্স। তবে গত ৩ জানুয়ারি তাকে দল থেকে ছেড়ে দিতে বলেন বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া। বোর্ডের নির্দেশ মেনে কেকেআর মোস্তাফিজকে ছেড়েও দেয়। সোশ্যাল মিডিয়া থেকে ফিজের সব ছবিও সরিয়ে নেয় কলকাতা নাইট রাইডার্স। সে প্রসঙ্গ থেকেই বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। ৪ জানুয়ারি আইসিসিকে মেইলও দেয় বিসিবি। তবে লাভের লাভ কিছু হয়নি। বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নিয়েছে আইসিসি।

দ্যা ওয়ারের আলোচনায় ভারতীয় ক্রীড়া সাংবাদিক শারদা উগরা বলেছেন, ‘এখানে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার নির্দেশনা থেকে সব শুরু। সেখান থেকেই বাংলাদেশ বলেছে যদি মোস্তাফিজ সেইফ না হয় তাহলে দল কেন যাবে? পাকিস্তান সমর্থন দিচ্ছে কারণ সম্ভবত সর্বশেষ এশিয়া কাপের হ্যান্ডশেক বিতর্কটা চালিয়ে যেতে চাইছে। এটিও শুরু হয়েছিল ভারত হাত না মেলানোয় এবং পরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পিসিবি প্রধানের কাছ থেকে ট্রফি নিতে চায়নি।’

ফিজের সিদ্ধান্ত বিষয়ে উগরা বলেছেন, ‘এটা বিসিসিআই থেকে এসেছে। রাজনৈতিকভাবে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক অতটা ভালো হয়। আসাম, বেঙ্গল এবং বাংলাদেশেও নির্বাচন আসছে। বিসিসিআই এমন নির্দেশ না দিলে হয়ত মোস্তাফিজ কেকেআরের হয়ে আইপিএলে খেলতে পারত। এটা রাজনৈতিক ব্যাপার, ক্রিকেটীয় ব্যাপার নয়। সামনেই নির্বাচন রয়েছে দুই জায়গায়।’

উগরার মতে, ‘যখন বাংলাদেশী ক্রিকেটারকে বাদ দিলেন, পরে বিষয়টা সামাল দিতে পারলেন না। পুরো বিষয়ে ভারতীয় বোর্ডের প্রভাব, আইসিসিতে ভারতের প্রভাব এবং বাকি বোর্ডগুলোয় তাদের প্রভাবের ফলেই সবকিছু হয়ে এই জায়গায় এসেছে এবং আইসিসিকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। এখানে খুবই পরিষ্কারভাবে পার্থক্য গড়ে দেয়া হয়েছে, বিশ^কাপ খেলতে বাংলাদেশ ভারতে আসতে চায়নি, তবে তারা শ্রীলঙ্কায় নিরাপদ বোধ করেছে।’

ফিজকে বাদ দেয়া কি ভুল ছিল? উগরার জবাব, ‘একদম, কোনো সন্দেহ ছাড়াই। এই বছরে কেবল এই একজন বাংলাদেশিই আইপিএলে খেলত। মাত্রই চুক্তিটা হলো। ফিজকে বাদ দেয়া মানে হচ্ছে ছোট কাউকে বা যাদের তেমন শক্তি নেই, তাদের উপর আপনি নিজের শক্তির চর্চা করছেন। একজন ক্রিকেট সাংবাদিক হিসেবে আমি মনে করি এটা খুবই বাজে একটি ভুল ছিল।’